জাগরণ
অভিমানী মানুষটা গাছটাকে জড়িয়ে ধরে বলল, আমি কই?
গাছ বলল, এই তো তুমি।
মানুষটা বলল, এই আমি না, এত বড় সংসারে এত কিছু ঘটে চলেছে, সেখানেই আমি কই?
গাছ বলল, তুমি কি চাও?
মানুষটা বলল, সবাই আমাকে চিনুক, নইলে আমি গলায় দড়ি দেব তোমার ডালে, নইলে তোমার বিষফল খাব।
একটা সাপ গাছের গুঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিল, সে থেমে গিয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, বিষ চাই? মরবে?
সমান্তরাল
কত যুগ হল
পাশাপাশি
সমান্তরালে হাঁটছি
মাঝামাঝি যে প্রাচীর, সেও -
সমান্তরালে হাঁটছে
পাওয়া না-পাওয়া
জীবনে পাওয়া তো যায় অনেক কিছুই,
তবে হিসাবে রেখে যায় শুধু না-পাওয়াগুলোই
~ গুলজার
দাহ
১
---
fact
চশমা ছাড়া ফেসবুকে একটা পোস্টে চোখ পড়ল, একটা শব্দ - sex. প্রোফাইলের ছবিটা খালি চোখে অস্পষ্ট বুঝছিলাম, প্রথমে মনে হল একজন মহিলা, সাথে সাথেই মনের মধ্যে উঠল, বাপ রে! সাহস আছে। তারপর দেখলাম পুরুষ, সাথে সাথেই সে লেখা হয়ে গেল fact আমার কাছে।
নিঃসঙ্গতা
"আসলে আমায় কেউ চায় না
কেউ সত্যিকারের ভালোবাসে না
আমি একা, সম্পূর্ণ একা,
নিঃসঙ্গ, অসহায়...
আহা রে, আমি বেচারা রে!"
ইহা একপ্রকার চোরাবালি বিশেষ!
ইহার খপ্পরে একবার পড়িয়া, তাহা হইতে আপনাকে ত্রাণ করিতে পারিয়াছেন, এমন মানুষের সংখ্যা নিতান্তই কম!
অনুভব
সবই কি ব্রেকিং নিউজ?
অনুভব মানে কি তবে?
নিঃশব্দতার ভাষা
নিঃশব্দতার ভাষা যদি না বোঝো
অভিধানের জঙ্গলে পথ হারাবে
এক গাছ থেকে অন্য গাছে
উড়ে যাওয়া পাখি
আকাশেই অলখ পথ আঁকে
আবর্ত
প্রতিবার আবর্তটার বুক আঁকড়ে
চীৎকার করে প্রশ্ন করি -
"দরজাটা কোথায়? আমি বেরোব তো!"
আবর্তটা ঘুরেই চলে...ঘুরেই চলে...ঘুরেই চলে
শুধু আমার প্রশ্নটা
প্রতিধ্বনিত হয়ে
আমারই কাছে ফিরে আসে -
কবি
কবি বলেছিলেন
বুকের মধ্যে একটা পাথর রাখতে
ধ্বনিতে প্রতিধ্বনি জাগবে
রেখেছি কি?
কবি বলেছিলেন
অসহায় ক্রন্দনরত মানুষের পাশে দাঁড়াতে
দাঁড়ালাম কি?
কবি যেতে চাননি
যে সন্তানের মুখে একটা চুমু খেতে চেয়েছিলেন
সে কোথায়
সে সুরক্ষিত তো আজ?