বেঢপ সাইজ
মার্বেল বসানোর কাজ শেষ হল। ঝাঁ চকচকে বাড়ির অন্দরমহল। বাইরে কিছু মার্বেলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বললাম, ওগুলো ওরকম বাইরে ছড়ানো কেন?
"ওগুলো কোনো খাপে বসল না তাই। বেঢপ সাইজ।"
ছুঁতে চাই না
বৃষ্টি ভেজাচ্ছে না
বৃষ্টির শব্দতে ভিজছি
ছুঁতে চাই না
তোমার আশ্বাসে বাঁচতে চাই
অপেক্ষারত আমি
ততটা আমি ব্যর্থ না
অপেক্ষারত
না হয় না
এমন অন্ধকার হয় না
যে তারাদেরও দেখা যায় না
কেউ পৌঁছায়নি
চলাটা কেবল থামিয়ে দিয়েছে কেউ কেউ
তুমি ওকে শান্তি বলো বুঝি?
আমি বলি না।
অশান্তিতে 'না' বলি না শুধু
সমুদ্র বুকে মাঝি কি বলে -
সব মাটিতে সব গাছ হয় না
সব ঋতুতে সব ফুল ফোটে না
সব ভালোবাসা জড়ো করে
অভিমান করে বসেছ
জানো না,
সব হৃদয়ে সব ভালোবাসা ধরে না?
তাই হয়
সাঁকোটা পেরোবার পর মনে হয় -
এমন কি আর দরকারি ছিল ওটা?
বাঁশে বানানো সামান্য একটা সাঁকোই তো
অমন সাঁকো ঢের দেখেছি, আরো কত দেখব!
তাই হয়
ঘুম নষ্ট
কোনো একদিন থেকে সে নিশ্চিন্তে ঘুমাবে।
শুধু এইটুকুই চাইত লোকটা,
বহু রাতের ঘুম নষ্ট করে।
এখন লোকটা মড়ার মত ঘুমায়।
দ্বিধা
ফেরার কথা ছিল দু'জনেরই
ফেরা হল না
অনায়াসেই ফেরা যেত যদিও
অসঙ্কোচে কাটানো সময়
ফিরতে চাইল না দ্বিধার হাত ধরে
সব কিছু
সব কিছু সহজ হবে ভেবেছিলাম
সব কিছু সহজ হোক চেয়েছিলাম
নিজের দিকে তাকাতে গিয়ে
মুখ ঢাকলাম