Skip to main content

 

সত্য জীবনের আধার। ঔদ্ধত্য আর সত্যের সহাবস্থান হয় না। ভারতীয় দর্শনে, পুরাণে, মহাকাব্যে এমন অনেক আসুরিক চরিত্র আছে যারা আস্তিক, সাধক, কোনো বিষয়ে সিদ্ধিলাভও করেছেন। কিন্তু তবু তারা অসুর। কারণ তারা উদ্ধত। এমনকি সাধনার গর্ব তাদের ঔদ্ধত্য বাড়িয়েছে এমন গল্পও আছে। হিরণ্যকশিপু নিজের গুরুর কাছে বিনীত ছিলেন, কিন্তু সর্ব মানুষের অন্তঃকরণের সত্যস্বরূপ নারায়ণের কাছে ছিলেন না। অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি, শক্তি, সম্প্রদায়ের সামনে বিনয় আসল বিনয় নয়। বিনয় যখন জগতব্যাপী সত্যের কাছে তখন সে আসল বিনয়। প্রহ্লাদ ছিলেন সঠিক অর্থে বিনীত। প্রহ্লাদকে তাই ভারতীয় ভক্তি পরম্পরায় ভক্তশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়ে থাকে। প্রহ্লাদ আর হিরণ্যকশিপুর সংঘাতের কাহিনীও সবার জানা। কে উদ্ধত ছিল, কে জেদি ছিল? আপাতদৃষ্টিতে দেখলে দুজনেই। কিন্তু ভেতর থেকে দেখলে বোঝা যায় একজন সত্যের জন্য অনড় আরেকজন নিজের অহংকারকে কায়েম রাখতে দুর্বিনীত।

নিজের পদমর্যাদার, ক্ষমতার অপব্যবহারকে ঔদ্ধত্য বলে। কোনো ঔদ্ধত্য একদিনে বাড়ে না। তিলে তিলে ছাড় পেতে পেতে ঔদ্ধত্য বাড়ে। ক্রমে এক সময় ঔদ্ধত্যকে স্বাভাবিক বোধ হতে শুরু করে। তখনই বোঝা যায় শমন শিয়রে। শরীরে একটা কোষের ঔদ্ধত্য কর্কটরূপ ধরে যেমন গোটা শরীরকে ধ্বংস করে ফেলে তেমন ক্ষুদ্র কোনো একটা শক্তির ঔদ্ধত্য একটা তন্ত্রের সামঞ্জস্য দীর্ঘদিন ধরে বিঘ্নিত করে চলে। ঔদ্ধত্যকে রুখে দাঁড়াতে চিরকাল মানুষ রাস্তায় নেমেছে। কারণ উদ্ধতরা রাস্তায় নামে না। তারা একের পর এক প্রতিষ্ঠানকে বিকল করে দিয়ে তাদের মধ্যে দিয়ে ঢেলে দেয় তাদের বিষতন্ত্র। তারা রাস্তা আটকায়। রাস্তা তাদের শত্রু। গুপ্তপথ তাদের একমাত্র উপায়। সত্যকে গোপন রাখা যায় না চিরকাল, এই বিধানকে ভুলতে না পারলে মানুষ উদ্ধত হয় কী মোহে?

ঝড় যখন ওঠে দুর্বল তখন ভয় পেয়ে যায়। সে ভাবে এতদিন যাকে সে শক্তিমান হিসাবে জেনে এসেছে তাকে রক্ষা করতে পারলেই বুঝি সে রক্ষা পাবে। এ ভুল মানুষের হয়। ঔদ্ধত্যকে শক্তির যৌক্তিক প্রকাশ ভেবে দুর্বল মানুষই ভুল করে। পীলাত যেদিন খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করার বিধান দিয়েছিলেন, সেদিনও সে দেশের দুর্বল মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল এই ভেবে যে, শক্তিমান রাজা নিজের মর্যাদা এই আপদকে হত্যা করে কায়েম রাখতে পেরেছেন। আর তাই তারাও নিরাপদ। এমনকি খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করার সময় অনেকেই খ্রীষ্টকে ব্যঙ্গ করেছিলেন, এও জানা যায়। সক্রেটিসকে যখন হেমলক পানের দণ্ড দেওয়া হয় তখনও সেদিনের ক্ষীণদৃষ্টি, অল্পবুদ্ধি জনগণ ভেবেছিল তাদের ভবিষ্যৎ বুঝি সুরক্ষিত সেদিনের দুর্নীতিপরায়ণ উদ্ধত শাসক সম্প্রদায়ের হাতে। এ তো না হয় অনেক আগের কথা, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কি সবাই ইংরেজ বিরোধী ছিল। একদম না। সমাজের বৃহদাংশের একটা মানুষ সেদিনের স্বাধীনতা আন্দোলোনের বিরোধী ছিল। আন্দোলনকারীদের তারা উৎপাত মনে করত। তাদের ক্ষতির যথাসাধ্য চেষ্টাও করত তাদের ক্ষুদ্র শক্তিতে যতটুকু কুলায়, রাজাকে খুশি করবে বলে, রাজ অনুগ্রহ পাবে বলে। আর কিছু না হোক আশাপূর্ণাদেবী'র “সুবর্ণলতা” পড়লেই তার খানিক আভাস পাওয়া যায়। বাকি অজস্র উপন্যাস-গল্প তো আছেই। দুর্বল মানুষেরা সব জাতিতে, সব কালে এক।

তবু রাস্তায় বিদ্রোহী নামে। তবু বিপ্লব জন্মায় ধীরে ধীরে। অন্যায় যখন নিজেকে বারবার পুনরাবৃত্তি করে তখন পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা রাস্তায় ফেটে পড়ে। আসলে, নকলে, সত্যে-মিথ্যায় ধুন্ধুমার লেগে যায়। মোহমুক্ত দৃষ্টি বুঝতে পারে এ পক্ষ নেওয়ার সময়, আর দ্বিখণ্ডিত হয়ে বাঁচার কাল এ নয়। ছিন্নভিন্ন হয়ে যেতে হবে পরে। দুর্বল বারবার দুঃস্বপ্নে জেগে ওঠে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার আরামের শান্তি ফিরিয়ে দেওয়ার। ফেরে না। একদিন দুর্বলতম মানুষটাও বুঝতে পারে হাওয়া বদলাতে শুরু করেছে। হয় তো তখন অনেক দেরি হয়ে গেছে। হয় তো তখন রাস্তা অনেকটা হাঁটা হয়ে গেছে। সে তখন তার জীর্ণ, ক্লিষ্ট প্রাণটাকে নিয়ে রাস্তায় নামে। আবার ঘর খোঁজে। আবার একটু আরামের ব্যবস্থা চায়। সত্য মিথ্যা, নিয়মনীতির পারে তার যে ক্ষুদ্র প্রাণটা বুকের কাছে ধুকপুক করছে, তার উপর তার প্রবল মায়া, তাকে সে দশহাতে আগলাতে চায়। বলে, আমাকে রক্ষা করো।

এ সব মিলে সমাজ। এই সব মিলে মানুষের ইতিহাস। একা মানুষের প্রতিভার মূল্য আছে, কিন্তু একা মানুষের ঔদ্ধত্যের মূল্য নেই মহাকালের কাছে। প্রতিভা সামঞ্জস্যকে বিনষ্ট করে না, সে সমাজের সামঞ্জস্যের মাধুর্যকে বাড়ায়। ঔদ্ধত্য সামঞ্জস্যকে নষ্ট করে তিলে তিলে। বিপ্লব তাই নন্দিনীর অপেক্ষায় রঞ্জনের নামে জাগে। “রক্তকরবী” ফুটে ওঠে আনাচে-কানাচে। সে ফুল রাজদরবারে যায় না। রাজার রক্তকরবীতে ভীষণ ভয়।

↑