Skip to main content

 

 

একজন মধ্যবয়সী পুরুষ এলেন। বললেন, আপনি বায়োলজি পড়ান? বললাম, হ্যাঁ পড়াই। বললেন, আমার ছেলে ক্লাস ইলেভেনে পড়ে, ওর জন্য। তা কখন পড়ান?

আমি আমার নিয়ম মত বললাম, ওকে পাঠান, কতদূর কী পড়েছে একটু দেখি। ইয়ারের মাঝখানে আসছে তো।

বাবা বললেন, আসলে আমিই ওকে সব জায়গায় নিয়ে যাই নিয়ে আসি। ও তো একা আসতে পারবে না। তাই...

আমি বললাম, ঈশ্বরের কৃপায় সুস্থ নিশ্চয় ও?

উনি একগাল হেসে ভীষণ তৃপ্তির সঙ্গে বললেন, একদম স্যার, আমাকে আর ওর মাকে ছাড়া এক পাও কোথায় যায় না। শুধু বই আর বই। মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছে।

বলেই হাত কচলিয়ে হাসতে হাসতে একটা বেশ ব্যায়বহুল জাতীয় স্তরের কোচিং সেন্টারের নাম বললেন। সেখানেও সে যায়। আরও বললেন, সেখানেও আমরাই নিয়ে যাই আসি।

বললাম, আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব খুব বেশি না যা বুঝলাম, তাও সে একা আসবে না?

না স্যার। স্কুলেও আমরাই নিয়ে যাই আর নিয়ে আসি। চারদিকে পরিস্থিতি তো ভালো না।

বললাম, খবরের কাগজ পড়ে?

বিস্মিত হয়ে বললেন, কী বলছেন স্যার? চারদিকে যা ঘটছে সব শিখে যাবে যে। আজকাল সমাজে সেই শুদ্ধতা আছে পোশাকে রুচিতে। আমাদের লজ্জা লাগে। খবরের কাগজের কাছেও ঘেঁষতে দিই না। ও নিজেও চায় না, বলে কী সব লেখা আছে বাবা!

বললাম, আর কয়েক মাস পরেই যে যৌনস্বাস্থ্য পড়বে ও বায়োলজিতে। সেখানে কণ্ডোমের ব্যবহার থেকে আরও অনেক কিছু থাকবে, তখন?

হাঁ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, কী যে ভালো ছেলে ও আপনি ওর সঙ্গে কথা বললেই বুঝবেন।

বললাম, আচ্ছা দেখছি। বাবা চলে গেলেন। আমি ভাবলাম সত্যিই কি অনেক নাম্বার পাওয়া এরকম "ভালো ছেলে" খুব ভালো কিছু সমাজের জন্য বা তার নিজের জন্য? যে আঠারো ছুঁতে চলেছে আর ক মাসের মধ্যে তার জন্যে এরকম পেরেন্টিং কতটা স্বাস্থ্যকর?

↑