আমার বারবার মনে হত, এ থাকবে না। এই সন্ধ্যে, এই আলো, এই সানাই, এই মুগ্ধ ভক্তিবিহ্বল চোখ, এই মাধুর্য মণ্ডিত মা দুর্গা প্রতিমা। কিছু থাকবে না। ভালো জিনিস বেশিদিন থাকে না। সবাই বলে তো। ভালো জিনিস দুইভাবে খারাপ হয়। এক, আরো ভালো করতে গিয়ে। আর দুই, যেমন চলছে চলুক, যত্নহীন উদাসীনতায়।
বাঙালি যেন কোথায় উদাসীন হয়ে যাচ্ছিল। যা আছে তা মহামূল্যবান, জানে সে। কিন্তু তাকে রাখার তাগিদ কোথায় যেন শিথিল হয়ে আসছিল। বাঙালি কোথায় যেন উদাসীন হয়ে যাচ্ছিল। খোল আছে, কীর্তন আছে, একতারা আছে, বাউল আছে, শ্যামা মা আছেন, শ্যামাসংগীত আছে, তুলসীমঞ্চ আছে, লক্ষ্মীবার আছে, ঘট আছে পাঁচালি আছে, লালপাড় সাদা শাড়ি আছে, পাঞ্জাবি আছে, সানাই আছে, আবীর আছে, এমন টলটলে ভাষা আছে। কিন্তু সবের উপর কেমন যেন উদাসীনতা জন্মে আসছিল। আছে বলেই যেন ওরা আছে। ওদের প্রতিযোগিতা ছিল না। মাধুর্যের প্রতিযোগিতা হয় না, অস্তিত্ব হয়। মাটির মধ্যে রস আছে শিকড়ই কেবল জানতে পারে। সে রসে ফুল, ফল, পাতা হয়। শিকড়ের উদাসীন হতে নেই। মাধুর্য নিবিড় হলে হাতে জমে। তেমন করে হাত পাততে ভুলে গেল বাঙালি। বাঙালি বড় উদাসীন হল। হাত পাতল কিন্তু মন পাতল না। হাতে কিছুই এলো না। অভিমান করল, অনুসন্ধান করল না। বাঙালি বড় উদাসীন হল। আসন পাতল না। বসতে বলল না।
উদাসীনতায় তার বৈরাগ্যের মকরন্দও মিশল না। ভোরের আলোয় যে ব্রত গোধূলির আলোয় ত্যাগের গৌরবে উজ্বল হয়ে ওঠে, সে রঙ তার লাগল কই? বাঙালি কেবল উদাসীন হল, বৈরাগ্যের পাকা রঙ লাগল না। পৃথিবীর প্রদক্ষিণের পথ উদাসীন বাঙালিকে পিছিয়ে দিল। তার ঘুম এলো চোখে। ঘুমের অন্ধকারে তার উৎসব হল পুনরাবর্তন কেবল। ঈর্ষা জন্মায় ঘুণ ধরা আত্মবিশ্বাসে। ঘুণের ঘুনঘুন আওয়াজে নেশা জাগল। আত্মবঞ্চনা আত্মপ্রশ্রয়ের ছদ্মবেশে আত্মীয় হয়ে থেকে গেল। তাকে বাঙালি চিনেও চিনল না।
আজ হাপিত্যেশ করে কী হবে। জোরের জায়গায় উদাসীনতা, দাবীর জায়গায় বঞ্চিত হয়ে থাকার বিলাসিতা, সত্য অনুসন্ধানের জায়গায় দোষের দায়ভার ঠেলে ঠেলে দেওয়া। থাকবে না। কিছুই থাকবে না। উদাসীন, বড় উদাসীনতা। উদাসীনতায় বৈরাগ্য না এলে কিছু থাকে না। মহাদেবের দরজায় নন্দী বসে না থাকলে অচল মহাদেব। সে কই আজ? গভীর ঘুমে সে।
Category
- Log in to post comments
- 1 view