Skip to main content

 

যমুনার বন্ধ চোখের উপর জামগাছের পাতার ছায়া। এ পৃথিবীর মাটিতে প্রায় আশিটা বছর হল তো যমুনার। আশ্বিনের রোদে দুটো পা এলিয়ে রাস্তার ধারে একটা উঁচু ঢিবিতে বসে আছে। চোখ ঢুলে আসছে। কিন্তু ঘুম চাইছে না যমুনা। ছেলেটা কাজ থেকে ফিরলে খেতে দিতে হবে। যমুনার তিনকূলে কেউ নেই। স্বামী নেই। এই ছেলেটাই আছে। তাও নিজের না, বোনের। বোন সিওয়ানে থাকত। অল্প বয়সে চলে গেল। বাবাটা মাতাল ছিল, যমুনা নিয়ে এসেছিল। তার নিজের সন্তানের পাশাপাশি ও বড় হল। নিজের ছেলেটা অল্প বয়সে চলে গেল। জুয়ার আড্ডায় গুলি চলল, তাকে ওখানেই মাটিতে লুটিয়ে গেল। হাতে টাকার বাণ্ডিল ধরা ছিল। যমুনার চোখে পড়েছিল টাকাগুলোয় রক্ত মাখা। বাড়ি এনে টাকাগুলো ধুয়ে নিয়েছিল। গণেশের তখন টাইফয়েড, খরচ আছে না? হোক বোনের ছেলে, এখন তো তার।

যমুনার বাড়ির সামনে একটা খাসি কাটার দোকান আছে। যমুনার খাসির রক্ত দেখলে মাঝে মাঝে মাথাটা ঘোরে। টাকায় আঁশটে গন্ধ নাকের নথে ফুটে থাকে। যমুনা বমি করে। ভাত রুটি খায় না। ছেলেটার নামে পুজো দেয় মায়ের মন্দিরে। ঠাকুরমশায় বলে মড়া মানুষের নামে পুজো হয় না। যমুনা বলে, পঞ্চাশ টাকা দিচ্ছি। পুজো হয়ে যায়।

গণেশ এলো। যমুনা ঘোর থেকে জেগে বলল, স্নান করেনে, ভাত বাড়ছি। গণেশ সাইকেলটা দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড় করিয়ে বলল, খাব না, মালিকের সঙ্গে গুজরাট যেতে হবে, ট্রাকে, আর্জেন্ট।

যমুনা বসে পড়ল। এরকম মাঝে মাঝেই হয়। গণেশ ঘর থেকে বেরিয়ে এলো ব্যাগ নিয়ে। তার কাছে এসে হাতে একটা পাঁচশো টাকা ধরিয়ে বলল, একটা ফোন কিছুতেই নেবে না, এমন জেদ তোমার। আমি চললাম।

গণেশ সাইকেলটা ঘরে ঢুকিয়ে চলে গেল। ভিড়ে মিলিয়ে গেল। যমুনা ভিড়ে আরো একা হল। মাটিতেই শুয়ে পড়ল। জামগাছের পাতার ফাঁক দিয়ে আকাশটা দেখা যাচ্ছে। কদিন পর পুজো। কী দেবে মাকে? এই যে বাপের বাড়ি আসবে মেয়েটা, কী দেবে? যমুনা মনে মনে রান্নাঘরে গেল। আটা মাখল। তরকারি কাটল। চন্দন বাটল। মেয়ে আসছে কৈলাস থেকে। আসুক।

ঠাকুমা, ও ঠাকুমা, ওঠো, বৃষ্টি পড়ছে তো।

কী হল? মা খেতে খেতে কোথায় উঠে গেল? শাড়িটা ভিজে গেছে। আকাশ কালো করে এসেছে। বাজ পড়ছে। কোনোরকমে নিজেকে তুলে দৌড়ালো ঘরের মধ্যে। কারেন্ট নেই। চৌকিতে গিয়ে বসল শাড়িটা মাটিতে খুলে। ব্লাউজটা খুলে ফেলে দিল। শুয়ে পড়ল চৌকিতে। বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ছে। যমুনা চোখ বন্ধ করে শুয়ে। বুকের ভেতর কেউ নেই। মাথার মধ্যে কিছু ভয় আছে বাকি। ওই ভয়গুলো মিটে গেলে জীবনটাই শেষ হয়ে যায়। কীসের ভয়? একা হয়ে যাওয়ার ভয়। নিঃস্ব হয়ে যাওয়ার ভয়। একা একা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ভয়। কিন্তু সেটাই তো হবে। খিদে পাচ্ছে।

যমুনা উঠল। একটা গামছা জড়ালো। ছেলেটার সাইকেলটা আছে না বারান্দায়। খিচুড়ি করবে। কেউ খাবে? যমুনা জানলার বাইরে তাকালো। কার অপেক্ষায় যমুনা জানে না। কিন্তু কারোর তো অপেক্ষা আছেই। চাল ধুয়ে, আলু ছুলে ঠিক করে রাখল। উনুন জ্বালতে হবে। বৃষ্টিটা ধরুক। যমুনা আবার এসে বিছানায় শুলো। শেষবারের মত। রাত অনেক। তার চাল ধোয়া জলে জ্যোৎস্না ভাসছে ছাদের ফুটো বেয়ে নেমে। কয়েকটা জোনাকি খেলছে ঘরে। তাকে না জাগিয়ে।

↑