Skip to main content

 

003.jpg

 

ফুলের মালাগুলোতে এই নিয়ে চারবার জল ছিটালো। গন্ধ নেই আর। মাছি বসছে মাঝে মাঝে। সকালবেলা এই নর্দমার ধারে খুব মাছি হয়। বৃহস্পতিবার বলেই ঝুমা বসেছে, না হলে এই সময়ে স্টেশানের ধারে শাক নিয়ে বসে।

মালাগুলোর দিকে একবার তাকিয়ে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক পা এগোলে চায়ের দোকান। নান্টুকে দশ টাকা দিয়ে একভাঁড় চা আর একটা বিস্কুট নিয়ে এলো। নান্টু তার কাছ থেকে চায়ের আগের দামই নেয়। চা নিয়ে একটু এগিয়ে নর্দমার উপরের কালভার্টের উপর বসল। শ্বাস কষ্টটা বেড়েছে। এই সময়ে বাড়ে। আবার শীত পড়লে ঠিক হবে। ঝুমা চায়ে চুমুক দিয়ে বলল, উফ!

পায়ের কাছে এসে জন্তুটা বসে। ঘেয়ো কালো কুকুর একটা। ঝুমা ওকে জন্তু বলে ডাকে। ঝুমার মা ঝুমাকে জন্তু বলে ডাকত। ঝুমার মা পটাশপুরের মেয়ে। হাওড়ায় বিয়ে হয়ে এসেছিল। দিল্লীতে কাজ দেওয়ার নাম করে একজন নিয়ে গেল। তখনও জানত না ঝুমার মা জিবি রোড কী। সোনাগাছি নাম শুনেছিল। দিল্লীর সোনাগাছি জিবি রোড। ভাঙা ভাঙা ঘর। চুন খসে পড়ছে। জানলা দরজার হাল ভীষণ খারাপ। একটু দূরেই বড়লোকদের পাড়া। হাঁটতে যেত ঝুমাকে নিয়ে ঝুমার মা। ঝুমার মা একদিন হঠাৎ বেপাত্তা হয়ে গেল। ঝুমা বাবার পরিচয় জানত। গেল না। হাওড়ার ট্রেনে উঠে বসেছিল। তখন বয়েস কত হবে, চোদ্দো, কী পনেরো।

ঝুমার বয়েস এখন আটত্রিশ। এবারে ভোটার লিস্টে নাম নেই। এখন সে কোনো দেশের মানুষ নয়। পাখির মত মনে হয় নিজেকে। কুকুরের মত মনে হয়। ইঁদুরের মত মনে হয়। আরশোলার মত মনে হয়।

“এ মালা কার?”

ঝুমা চায়ে চুমুক দিয়ে বলল, এই যে এইদিকে, আমার। বড়টা কুড়ি। ছোটোটা বারো।

দুব্বো নেই?

আছে। পাঁচ টাকা, সঙ্গে খুচরো ফুল।

একটা পঞ্চাশ টাকা বার করে বৃদ্ধ বলল, একটা বড় মালা আর পাঁচ টাকার ফুল দুব্বো দাও।

বুড়োটাকে চেনে ঝুমা। সামনের শীতলা মন্দিরের পরের ফ্ল্যাটে থাকে। মাথাটা কাঁপে পুতুলে মত। ছেলে বাইরে থাকে। বউ মরেছে।

ঝুমা ফাঁকা ভাঁড়টা ফেলে, হাতটা বোতলের জলে ধুয়ে, মালাটা গোটাতে গোটাতে বলল, চা খেয়েছ দাদু?

বৃদ্ধ শূন্য চোখে ঝুমার দিকে তাকিয়ে বলল, ওই নান্টুর চা তো। ধুর, চিনি ছাড়া বানাতে চায় না সকালে।

এক আধদিন চিনি খেলে কী হয়?

কিছু হয় না। গা গুলায়। তুই কি ওর চা খাচ্ছিলি?

ঝুমা সবটা একটা প্লাস্টিকে ভরে বৃদ্ধের হাতে দিতে দিতে বলল, চা খাবে চিনি ছাড়া, বলব আমি?

ও শোনে তোর কথা?

ঝুমা অন্যমনস্ক হল। নাকে ছোটোবেলার জিবি রোডের বাড়ির গন্ধ এসে লাগল। কোনো কথা না বলে, ফেরত টাকাটা দিয়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকল। বৃদ্ধ চলে গেল। ভুলে গেল প্রশ্নের উত্তর পায়নি। আজকাল কিছুর জন্য অপেক্ষা করতে মনে থাকে না বৃদ্ধের। এমনকি ছেলের ফোনেরও না। সময় বলে কিছু একটা আছে, তার কাছে মানুষের দাবিদাওয়া আছে, এ সব ভাবার ক্ষমতা নেই আর।

ঝুমা বলল, জন্তু এদিকে আয়। আধাখানা বিস্কুট হাতে ধরে রাস্তার উপর রেখেছিল। কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে বলল, খা।

======

সন্ধ্যেবেলায় ঝুমা সাজে। বেশি না। একটা সেবিকা সেন্টারের দিদি কাজ দেয়। ঝামেলার কাজ নেয় না। সপ্তাহে তিনটের বেশি কাস্টমার নেয় না। দিদি জায়গা ঠিক করে দেয়।

আজ দিদি ফোন করেছিল। কিন্তু যাবে না বলে দিয়েছে। আজ পুজোর কেনাকাটা আছে। কাল থেকেই ঠিক করেছে আজ বাজারে যাবে। দিদি অসন্তুষ্ট হল। প্রদীপের নামটাও উচ্চারণ করল। চেনে। আগেও কাজ করেছে। কিন্তু আজ না। ভালো লোক প্রদীপ। ডিভোর্সি। মিউনিসিপ্যালটিতে কাজ করে। যারা সংসার বসাতে না পেরে রাস্তাঘাটে যেখানে সেখানে শিকড়হীন সংসারের সুখ খোঁজে, প্রদীপ সেই জাতের লোক। নরম মনের লোক। দিদির তাই খারাপ লাগছে। ঝুমার লাগছে না। ঝুমার নেশা লেগেছে, নিজের জন্য শাড়ি কেনার। শাড়ি দেখলে নেশা লাগে ঝুমার। আগে অনেকবার শান্তিপুর ফুলিয়া গেছে। দামী শাড়ি কেনার নেশা ছিল। এখন নেই।

ভিড় প্রচণ্ড বাজারে। বিকেল থেকে বৃষ্টি হয়ে গেছে। এখনও ধরেনি পুরো, ঝিরঝির পড়ছে। ঝুমা এখন কয়েক ঘন্টা ঘুরবে। দেখবে তাকিয়ে তাকিয়ে। হাত বোলাবে শাড়ির গায়ে। শাড়িটা বুকের উপর ফেলে সেলফি তুলবে। সব ছবিতে হাসি মুখ থাকে। মাঝে মাঝে ভিড়ের মধ্যে মাকে খুঁজবে। কিন্তু আজও বুঝতে পারে না, মাকে সে খুঁজে পেলে সুখী হবে, না, না খুঁজে পেলে। কিন্তু মাকে খুঁজতে হবে এ কথাটা বুকের মধ্যে বিঁধে থাকে। এক একবার মনে হয় জিবি রোডে গিয়ে দেখে আসে, ফিরেছে কি? এক একটা দায়িত্ব শেকলের মত। আঁশের মত।

একটা এগরোল নিয়ে ঝুমা চায়ের দোকানে বসে। মাথার মধ্যে শাড়িগুলো উড়ছে। তার ফাঁক দিয়ে দিয়ে মায়ের মুখ। আরো কত মানুষের মুখ। ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঝুমা, সব ভালো হোক। কাঠের বেঞ্চে রাখা গরম চায়ের কাপ। কামড় দেয় এগরোলে। নিজের সঙ্গে কথা বলে। নিজের দিকে সমাজ, না নিজের বিপক্ষে সমাজ? দুদিকেই রেখে দেখে। সমাজ হাতল দেয় ধরে দাঁড়াবার। সে হাতলের ধার বাড়ে দিনে দিনে। হাত কাটে। রক্ত গোপন করতে হয়।

ফোন বেজে উঠল। দিদি। “এই শোন অনেকবার বারণ করলাম। শুনল না। বাজারে গেছে। গোপালের ফোনের দোকানের সামনের চায়ের দোকানে অপেক্ষা করবে বলেছে। দশটা অবধি। যা ভালো বুঝিস কর”।

ঝুমা মোবাইলটায় সময় দেখল, সাতটা সতেরো। কে যেন বলেছিল মাকে গোরখপুর রেললাইনের ধারে পাওয়া গেছিল। বিশ্বাস করেনি ঝুমা। উঠে দাঁড়ালো। আধ খাওয়া এগরোল ডাস্টবিনে ফেলে দিল। চায়ের কাপ পড়ে থাকল বেঞ্চে। বুকের মধ্যে লকলকে সুখ। ভাঙা কাঁচের মত কাল সকালেই বিঁধবে পায়ে। শাড়িগুলোর কাছে যাবে না? জিবি রোডের গন্ধ আসছে নাকে। অনেক টুকরো হয়ে সমাজে ছড়িয়ে আছে তার মা। সেও। এক একটা টুকরোর এক এক জাতের দাম। জন্তুটা শুঁকতে শুঁকতে ঘুরে বেড়াচ্ছে এ পাড়া, ও পাড়া। সবাই ধরা পড়ে যায়। ছাড়িয়ে যেতে পারে না কেউ। এই দমবন্ধকর খেলা কারা খেলাচ্ছে? তারা তার বাঁদিকে, ডানদিকে, পেছনে। ভয় করে ঝুমার। শিরশির করে ওঠে গা। এদিকে ঝুমা, এদিকে। ঝুমা এগিয়ে যায়।

↑