Skip to main content

 

003.jpg

 

পটলার ঠাকুমা, আসলে ঠাকুমা বলতে যেমন ছবি মাথায় আসে তেমন না কিন্তু। কম বয়সে বিয়ে হয়। বাচ্চা হয়। ভিটেমাটি ছেড়ে এ দেশে আসতে হয়। ছেলেও তাড়াতাড়ি বড় হয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। স্বচ্ছলতা ফেরে না, কিন্তু মানুষ বেড়ে যায়। যেমন পটলা জন্মে যায়। ছোটোবেলায় লোকে বলত পটল চেরা চোখ, এখন বলে কী হাড়বজ্জাত নাতি তোমার বাপু! কিন্তু সে পটলাকে নিয়ে আমার আপাতত কোনো কাজ নেই। আসি ঠাকুমার কথায়।

গতকাল পটলার ঠাকুমা বাজারে গিয়েছিল। বাজারে যাওয়া এমন কী আর বিশেষ কাজ। কিন্তু কাল বিশেষ ছিল। ঠাকুমা জানে গতকাল “ধোনতরাসের” দিন। যে যে বাড়ি তিনি কাজে যান সে সে বাড়ির লোকেরা ঝাঁটা, নুন আর গয়না কিনে এনেছে। সোনার গয়না ভাবতে পারে না। কিন্তু বাকি দুটো তো ভাবা যায়। তো সেই জন্যে “ধোনতরাসে” গিয়েছিল। একটা শলার ঝাঁটা আর এক প্যাকেট নুন কিনে বাড়ি ফিরছে হেঁটে হেঁটে। সন্ধ্যে গড়িয়ে রাত হতে চলল। প্রায় সাড়ে ন'টা বাজে। ঠাণ্ডাও অল্প অল্প পড়ছে। পটলার ঠাকুমা গাইছে, “আমার সাধ না মিটিল, আশা না পূরিল।” গাইত না। কিন্তু “আমরা ধর্মের ষাঁড়” ক্লাবে ঠাকুর এসে গেছে। ওরাই পান্নালালকে খুঁচিয়ে খুঁচিয়ে গানটা বারবার গাওয়াচ্ছে। সঙ্গে পটলার ঠাকুমাও ভাবের সংক্রমণে গাইছে।

রাস্তায় ঝিলমের মাসি, পটলার ঠাকুমার বয়সীই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। পটলার ঠাকুমাকে ডেকে বলল, কী গাইছেন দিদি?

পটলার ঠাকুমা বলল, ওই মায়ের গান। সাধ না মিটিল, আশা না পুরিলো।

কীসের পুর দিদি?

পুর না গো…পুরিল, মানে মনের ইচ্ছা মিটল না.।

ঝিলমের মাসি বিড়িটা ফেলে, এক দলা কফ রাস্তায় ফেলে বলল, তোমরা এত নেগেটিভ গান গাও কেন দিদি পুজোয়? আমাদের গানে দেখবে আমরা মাতারাণীকে কত ভালো ভালো কথা বলি। শুনে মানুষের আনন্দ হবে, তবে না? খালি হল না, হল না। ওই জন্য তোমাদের বাঙালিদের কিছু হয় না। এই দ্যাখো, আমাদের মতই ঝাঁটা নুন এইসব কিনে আনছ। তোমাদের এসব ছিল?

পটলার ঠাকুমা বলল, তা মনের দুঃখ মাকে জানাব না তো কাকে জানাব গো? কী কথা তোমার? আর এই ঝাঁটা-টাটা কেনা, তা ভালো যদি হয় সংসারে এইসব কিনে, ক্ষতি কী হল? মানুষ তো কত কিছু শেখে।

ঝিলমের মাসিকে এড়িয়ে পটলার ঠাকুমা বাড়ি এলো। আজও পটলা মদ খেয়ে হুলুস্থুল বাধিয়েছে। এখন ওকে আটকানো যাবে? বিশ্বকর্মা পুজো, কালীপুজো, দোলযাত্রায় ওকে রাস্তায়ঘাটে ছাড়া কোথায় পাওয়া যায়?

পটলার ঠাকুমা হাত পা ধুয়ে জপে বসল। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। গুরু মদনপুরে থাকেন। বাতের ব্যথায় নগরকীর্তনে বেরোন না এখন। পটলের ঠাকুমা জপ করতে করতে গৌরহরিকে বলল, নাতিটার কী হবে ঠাকুর।

গৌরহরি বলেন, সব ঠিক হো যায়ে গা, বেটি। আরো কী বলে যান হিন্দিতে। পটলার ঠাকুমা হাঁ করে তাকিয়ে থাকেন। তারপর বলেন, তুমি হিন্দিতে কিউ বাত কর রহে হো…..

আবার গৌরহরি কী বলতে যান এমন সময় রাবণ এসে বলেন, জলদি করো….ম্যায় তৈয়ার হুঁ….অমনি পাড়ার জয়ন্ত বলল, আগে মা দুগ্‌গার বিসজ্জন হবে…তারপর…. অমনি চক্কোতি এসে বলল, পাঁজিতে তো রাবণ দহন নিয়ে তো লেখেনি…তক্ষুনি জওসোয়াল এসে বলল, রাখো তুমাদের বাঙালি পাঁজি….লকস্মি পুজোর দিন কালীপুজো করো….তার আবার পাঁজি……

ব্যস, বাংলায় হিন্দিতে, দুগ্‌গায় রামে সে এক ভীষণ কোন্দল লেগে গেল। এর মধ্যে একজন কলেজের প্রফেসর এসে বলল, আজকে গান্ধীজির জন্যেই এই ঝামেলা…এই হিন্দিভাষা নিয়ে এত…আমাদের বাংলার সব্বনাশ করল লোকটা….পাশ থেকে আরেকজন প্রফেসর বলে উঠল, গান্ধীজি শেষ জীবনে কীসব সেক্সুয়াল এক্সপেরিমেন্ট করেছিল না…আমি একটা বই লিখেছি….সঙ্গে রবীন্দ্রনাথের বৌদির কেসটাও আছে…..উপসংহারে….পড়েছেন?....এটা নিয়ে সাতটা সংস্করণ হবে…..

এখন এত কথা তো পটলের ঠাকুমা বুঝছে না। তিনি গৌরহরিকে সরিয়ে একে তাকে জিজ্ঞাসা করছেন, ও বৌমা…কী বলছে…গান্ধীজি কী করেছেন?…..রবীন্দ্রনাথের বৌদির কী হয়েছে…..

হঠাৎ ঠেলা খেয়ে দেখে পটলা তার দিকে তাকিয়ে বলছে এই রোজ তুমি ঠাকুরঘরে বসে ঘুমিয়ে পড়ো আর কী যে সব বকে মরো…..

পটলার ঠাকুমা তাড়াতাড়ি জপ শেষ করে উঠে পড়ল। পটলার মা এসে বলল, মা এবারের ছটপুজোয় উপোস করব ঠিক করেছি….আমি আর তোমার গুরুর আশ্রমে যেতে পারব না….আগেই বলে রাখলাম….

পটলার ঠাকুমা বিপদে পড়ল। ওই দিন যে প্রায় সব বছরেই গুরু দর্শনে যায় সে। একা যাবে? তাই যাবে না হয়। এমন সময় ফোন এলো, পটলার ঠাকুমার গুরুজী “ধোনতরাস” করতে গিয়ে টোটোতে ধাক্কা খেয়ে পড়ে চোট পেয়েছেন। সবাই নিয়ে ভেলোরে যাচ্ছে। এদিকে পয়সার শেরাদ্ধ করে কী হবে, এই বলে।

রাতে খাওয়ার সময় পাশের বাড়ির হাবাগোবা ছেলেটা এসে বসেছিল। সে জিজ্ঞাসা করল, তোমার গুরু ধোনতেরাসে কী করে গো?

ঠাকুমা বলল, অবাঙালিরা ধোন কিনে নিয়ে আসে বাড়িতে না? পটলা বলল, আঃ! ধোন না, ধন…..ঠাকুমা বলল, হ্যাঁ ওই, ধোন ধোন…..আর সঙ্গে ঝেঁটা কিনে আনে….ওতে ভয় খায় অলক্ষ্মী….মানে তরাস….তাই ধোনতরাস…..

↑