ব্রহ্মময়ী মঠ। কাশী। সকালবেলা। একজন তরুণ সন্ন্যাসী দুব্বো বাছছেন। একজন বয়স্কা মহিলা চন্দন বাটছেন। তরুণ সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, আপনি গুরুজীর আশ্রমে ছিলেন তো, কনখলে। কী শুনেছেন?
বয়স্কা মহিলা বললেন, একদিনের কথা মনে পড়ছে।
"অস্তিত্বের গভীরে অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকে না। অস্তিত্ব স্বয়ংবেদ্য। মানুষের যা কিছু জানা স্বয়ংবেদ্য জ্ঞানের উপর জানা। সেই কেন্দ্রের অনুভব বা জ্ঞান হল - স্ব। স্থিতি। স্ব-জ্ঞান স্ব জ্ঞানেই উৎপত্তি জেগে উঠলে। আবার লয়প্রাপ্তি নিদ্রা গেলে। ইচ্ছা, ভয়, ক্রোধ, স্ব-জ্ঞানের শাখাপ্রশাখা। স্ব জ্ঞান পশুর আছে। আমার আছে। ভয় আর নানাবিধ প্রবৃত্তি পশুর আছে, আমার আছে। তবে স্ব জ্ঞানের গভীরে আর কী আছে? যেই প্রশ্ন মানুষ নিজেকে নিজে করে?
স্ব এর উৎস কী? জানা যায় না। স্ব এর প্রকৃতি এত বৈচিত্র্যময় কেন? জানা যায় না।
আদিম প্রশ্ন - কে জানবে?
স্ব ঈশ্বর চিন্তা করছে। স্রষ্টা নিয়ন্তাকে চিন্তা করছে। বিধাতাকে চিন্তা করছে।
এ সবের অর্থ কী?
অনেক অর্থ। নানা ধর্ম। নানা মত। নানা বিশ্বাস।
স্ব কোনো চিন্তা করছে না।
হয়?
না। স্ব স্বকে চিন্তা করছে।
সেই চিন্তার ফল কী?
নানা সংজ্ঞা। নানা অনুভব। নানা ইচ্ছা। নানা ভয়। নানা বিকার।
স্ব স্বকে চিন্তায় পেল না। স্ব ঈশ্বরকে চিন্তায় পেল না। তবে?
স্ব। কেন্দ্রের খোঁজ। শূন্য বা নানা মত ধর্ম সংজ্ঞা। সব সত্য। প্রেক্ষিত অনুযায়ী।
আর কিছু নেই?
আছে। আনন্দ। স্বয়ংবেদ্য। কেন্দ্র নেই। পরিধি নেই। জ্ঞাতা নেই। জ্ঞাতা থাকলে আনন্দ নেই। আনন্দ থাকলে জ্ঞাতা নেই। কী আছে? কে বলবে? ভাষা নেই। কারণ চিন্তা নেই। চিন্তা নেই, তাই মন নেই।
আনন্দ - করুণা। সংগীত। ছন্দ। সসীমে অসীম। অশ্রু।
তারপর?
আবার স্ব কে ঘিরে আবর্ত।
যদি তারপর প্রশ্ন না জাগে তবে ইচ্ছা ভয় ক্রোধ মূল হারা।
আনন্দকে পায় কী করে?
জ্ঞাতা কে ছুটি দিয়ে।
জ্ঞাতাকে ছুটি দেয় কে?
আনন্দময়ের কাছে আর্জি। বাউলের সঙ্গ।"
Category
- Log in to post comments
- 1 view