Skip to main content

 

সামাজিক মাধ্যম আমাদের এমন অসামাজিক করেছে যা হয় তো আগে এই মাত্রায় আর কিছু করেনি। 'অসামাজিক' বলতে আমি কারোর সঙ্গে মেশা ইত্যাদি বলছি না। বলছি মানুষের সমাজে থাকতে গেলে যে আচরণবিধির একটা নিয়ম চলে তার অনেক কিছুই বড় শিথিল হয়ে পড়েছে। এ আই আর কত ক্ষতি করবে?

যেমন একজন প্রাচীন বাঙালি রাজ্যপাল দিনের পর দিন বিদ্বেষমূলক পোস্ট করে চলেছেন। মানুষ রাতদিন কথা বলে। হয় নিজের সঙ্গে, না হয় অন্যের সঙ্গে। কারণ মানুষের মন একটা অস্থির যন্ত্র। সেখানে অনবরত চিন্তার স্রোত ঢেউয়ের মত একের পর এক এসেই চলেছে। সে ঢেউয়ে পাঁক আসছে না শুদ্ধ জল আসছে বহু মানুষই এক সময় বিচার করা ছেড়ে দেয়। মানুষ তাই কথা বলার দুটো ধারা বানিয়েছে। এক, বিচার-বিবেচনা করে, যেখানে সে অনেক মানুষের সঙ্গে; দুই, মনে যা আসে তাই, যেখানে সে একা, বা খুব ঘনিষ্ঠ মানুষের সঙ্গে। অন্দরমহলের সঙ্গে বহির্মহলের একটা পার্থক্য মানুষ সমাজের ভদ্রতার জন্য বহু আগে থেকেই বানিয়ে এসেছে।

একজন মানুষ যখন দায়িত্বজ্ঞানহীন হয়, তখন সে এই পার্থক্যটা আর রাখে না। মানুষ কখন দায়িত্বজ্ঞানহীনের মত আচরণ করে? এক, তার মনের নিয়ন্ত্রণ যখন তার নিজের হাতে নেই; দুই, যখন সে বোঝে তার তেমন কোনো গুরুত্ব বোধবুদ্ধিসম্পন্ন মানুষের কমিউনিটিতে নেই। বাকিদের যেভাবে হোক এনগেজ রাখলেই হল, অথবা, নিজের বোধবুদ্ধির সীমাবদ্ধতা সম্বন্ধে তার সম্যক ধারণা নেই, বা কোনো কুমতলব আছে।

মানুষের এই অবিবেচনামূলক আচরণ সামাজিক মাধ্যম ভীষণ সহজ করে দিয়েছে। তার অন্দরমহলের দায়িত্বজ্ঞানহীন কথা আজ অনায়াসে বাইরের মহলে চলে আসছে। তাতে সমাজে কোন স্তরে কী প্রতিক্রিয়া হচ্ছে সেই নিয়ে তার মাথাব্যথা হওয়ার কারণ নেই। বিবেচনাশীল হওয়ার চাইতে এখন প্রতিক্রিয়ায় সতেজ থাকা অলিখিত প্রতিযোগিতা।

সদ্য মহাত্মার জন্মদিন গেল। যথারীতি সমাজ মাধ্যমের একটা বড় অংশ অশালীন শব্দের ভাঁড়ার উপুড় করে দিল। এ নতুন কিছু নয়। কিন্তু মহাত্মাকে যখন নাথুরাম গুলি করে মেরেছিল, তখনই কি মহাত্মা বেঁচে ছিলেন? সেকেন্ড অক্টোবর ১৯৪৭ সালের প্রার্থনার পরের ভাষণটা মনে করি। দেশ জুড়ে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। নোয়াখালি দাঙ্গা শুরু হব হব। গান্ধী বুঝতে পেরেছিলেন কী ভারতকে তিনি রেখে যাচ্ছেন ---

Today is my birthday. I do not celebrate my birthday in the usual way. I would say that on this day we must fast, spin and pray. That, in my view, is the most appropriate way of celebrating one’s birthday. For me today is the day of mourning. I am surprised and also ashamed that I am still alive. I am the same person whose word was honoured by the millions of the country. But today nobody listens to me. You want only the Hindus to remain in India and say that none else should be left behind. You may kill the Muslims today; but what will you do tomorrow?......Ever since I came to India I have made it my profession to work for communal harmony, and I wish that though our religions are different we may live in amity like brothers. But today we seem to have become enemies......I am entering 79th year today; but even that pains me. I would tell those who understand me - and there are quite a few who do understand - that we should give up such bestiyality.

অর্থাৎ নাথুরাম সেদিন একজন মৃত মানুষকে মেরেছিল। আমরা সবাই মিলে সে কাজটা অনেক আগেই করে রেখেছিলাম। আজও তার মৃতদেহের উপর, মৃত চরিত্রের উপর লক্ষ লক্ষ মাছি বসছে, বিদ্বেষ ব্যবসার উপাদান খুঁজছে। কিন্তু পাবে কী করে? গান্ধীর মৃত চরিত্র, মৃত দেহ থেকে অবধি তিনটে বুলেট সরানো যায়নি, এত আদরে তা আগলে রেখেছেন। গান্ধী যত ম্লান হবেন ভারতের স্মৃতিতে বিরোধ বিদ্বেষের বিষাক্ত বাষ্প ছড়ানো তত সহজ হবে। সেদিনও কিছু মানুষ তাই চেয়েছিল। গান্ধীকে হত্যা করে দেশটাকে কোনো একটা ধর্মের নামে গড়ে তোলা। তারা একটা ভয়ংকর ভুল সেদিন করেছিল। গান্ধী নতুন কোনো আদর্শের জন্ম কোনোদিন দেননি। চিরকালের মানুষের আত্মার যে বাণীকে যুগে যুগে মহাপুরুষেরা বিশ্বাস করে এসেছেন সেটাকেই আশ্রমের বাইরে, ধ্যানের কক্ষের বাইরে, ভাষণের মঞ্চের বাইরে, পাতার পর পাতা লেখা প্রবন্ধের বাইরে আনতে চেয়েছিলেন। অবশ্যই ব্যর্থ হয়েছেন। যেভাবে বুদ্ধ, খ্রীষ্ট, মহাপ্রভু ব্যর্থ হয়েছেন, সেইভাবেই হয়েছেন। যেভাবে শিক্ষা, ধর্ম, প্রতিষ্ঠান ইত্যাদি একে একে নিজের মাহাত্ম্য হারিয়েছে, তাঁর আদর্শও হারিয়েছে। মানুষ বুদ্ধিমান থেকে আরো বুদ্ধিমান আর ক্ষতিকর থেকে আরো ক্ষতিকর ধ্বংসাত্মক একসঙ্গে হয়ে উঠছে। রবীন্দ্রনাথ যে মহামানবের কথায় হয় তো সান্ত্বনা চেয়েছেন, সভ্যতার সংকটে যে মনুষ্যত্বের উপর ভরসা হারানো পাপ বলেছেন, সেই মনুষ্যত্ব হয় তো আমাদের চেতনায় ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে। তবু…

এই তবু'র কথাটা মানুষের শেষ কথা। আগামী প্রজন্মের কথা। যারা আমাদের ভুল থেকে শিক্ষা নেবে। যারা আমাদের চাতুরীর, বিদ্বেষের মাশুল দিতে দিতে, প্রবৃত্তির সহস্রফণা থেকে নিজেকে বাঁচিয়ে, আবার জিজ্ঞাসা করবে, রাস্তা কোথায়? আবার সেদিন কেউ একজন বলবে, অহিংসা পরমধর্ম। সত্য পরম আশ্রয়। ক্ষমা পরম তপস্যা। সন্তোষ পরম ধন। গান্ধী কোনো মানুষের নাম না, একটা বিশ্বাসের নাম। যে বিশ্বাসের সঙ্গে মানুষের সুস্থ বেঁচে থাকার সম্পর্ক অন্য অনেক আদর্শের কাছাকাছি।

↑