sumanasya
2 July 2026
পুকুরের জলে পা ডুবিয়ে সে। পায়ের পাতা দেখা যাচ্ছে। জলের নীচে। জলের নীচে ডোবা পা, ডুবে যাওয়া কথাগুলোকে ভিজিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া কথা, ডুবিয়ে দেওয়া কথা। তার চোখের কোলে জল এলো। তখনই বাতাস দিল আষাঢ়ের মেঘের পালে ধাক্কা দিয়ে। দু এক ফোঁটা জলও পড়ল মাটিতে; বৃষ্টির জল। সে হাতটা পাতল। বৃষ্টির জল বিন্দু বিন্দু জমল আঁজলা ভরে। বুকের মধ্যে ডুবে যাওয়া কথা, ডুবিয়ে দেওয়া কথা আঁজলায় ভরা জলে মুখ দেখতে আসল। তার বুকের মধ্যে ধড়ফড় শুরু হল। জল যদি তার কথা না বোঝে? যদি ঝড় ওঠে? যদি তছনছ হয়ে যায় খেলাঘর? ডুবিয়ে দিল পা। ডুবিয়ে দিল কোমর। ডুবিয়ে দিল বুক। ডুবিয়ে দিল নাক চোখ। ডুবিয়ে দিল মাথা। আকাশ ভরা আষাঢ় তখন। বর্ষা ভরা মাঠ। মেঘের ছায়া ঘেরা উঠান। ঘর। তখন সে.... কই?