মানুষ একটা আবেগসর্বস্ব জীব। সে তার আবেগ অনুযায়ী যুক্তি সাজিয়ে নেয়। আপাতদৃষ্টিতে যতই উল্টো লাগুক না কেন। যেমন শ্বাস নিচ্ছি বলে বুকটা ফুলছে - এ আপাতদৃষ্টিতে সত্য। কিন্তু ঘটনা হল বুকটা ফোলাতে পারছি বলে শ্বাস ঢুকছে। অন্তিম সময়ে বুক ভরা শ্বাস নেওয়ার জন্য বাতাসের অভাব হবে না, কিন্তু আমার বুক ফোলানোর ক্ষমতা আর থাকবে না। অন্তিম শ্বাসটুকু বার করে দিয়ে ছুটি নিতে হবে।
মানুষের আবেগে সবই কি ভালো? অবশ্যই না। মানুষের মতো আত্মধ্বংসকারী জীব আর কে আছে? মানুষ নিজের বিধ্বংসী অভ্যাসে, আবেগে নিজেকেই তিলে তিলে ক্ষয় করে। বুদ্ধ বলছেন, মানুষের শুভ আবেগ নিয়মিত জীবন যে বন্ধুত্ব নিজের সঙ্গে নিজের তৈরি করে আর নিজের কল্যাণ সাধন করে তা পিতামাতাও পারে না। আবার এর বিপরীতটা হলে এমন ক্ষতি হয় যা অতিবড় শত্রুও করতে পারে না। হয়তো অত্যুক্তি লাগলেও লাগতে পারে, কিন্তু গোটা কথাটাই তো মিথ্যা না।
মানুষের যাবতীয় আবেগের মূল দুটো উৎস আছে। এক, স্বার্থকেন্দ্রিক; দুই, অনুকম্পাজাত। আমি যখন দিনরাত “আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে” করি, তখন এক জাতের আবেগ। আবার পরিবার বন্ধুবান্ধব কলিগ সবার সঙ্গে মিলেমিশে বাঁচতে চেষ্টা করছি, তখন আরেক জাতের আবেগ। আপাতদৃষ্টির ভাবনায় মনে হয় দ্বিতীয় ধাঁচের জীবনে ঝঞ্ঝাট অনেক বেশি। সুখ কম। কথাটা আংশিক সত্য। কিন্তু সেখানে সুখ কম হলেও তৃপ্তি আর শান্তি অনেক বেশি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ম’লে ঘুচিবে জঞ্জাল। এ জঞ্জাল আমার চেনা। “যাহা রেখেছি তাহে কী সুখ, তাহে ভেবে মরি, তাহে কেঁদে মরি”। আরও বলছেন, যতক্ষণ “হাম্বা হাম্বা”, অর্থাৎ “আমি আমি” ততক্ষণ গরুর জীবনে শান্তি নেই। কিন্তু যখন মরার পর তার নাড়িভুঁড়ি দিয়ে বেজে উঠল “তুঁহু তুঁহু”, তখন শান্তি। বলছেন, “আমি ও আমার অজ্ঞান, তুমি ও তোমার জ্ঞান”।
কিন্তু এ তো গেল বাণীর কথা। আলোর কথা। আনন্দের কথা। উদারতার কথা। এর বাইরে শ্রীরামকৃষ্ণের আঁশচুপড়ির গল্পও কি নেই? একজন মেছুনি, বাজার থেকে মাছ বিক্রি করতে পথে বেলা গড়িয়ে সন্ধ্যে হল। সে আশ্রয় নিল এক ফুল ব্যবসায়ীর বাড়ি। সে ফুল ব্যবসায়ী তাকে ফুলের ঘরে দিল রাতে ঘুমাতে। তার ঘুম আর আসে না। এ পাশ ও পাশ করে। অবশেষে সে অনুরোধ করে বাইরে রাখা তার আঁশচুপড়িটা চেয়ে আনে, আর তাতে জল ছিটিয়ে সেই চুপড়ি থেকে আঁশটে গন্ধ জাগিয়ে আরামে ঘুমিয়ে পড়ে।
মানুষের যত নঞর্থক আবেগ আছে তার মধ্যে দ্বেষ চূড়ান্ত। ভেদবুদ্ধি। আমি উঁচুতে, তুমি নীচুতে। আমি মার্জিত, সংস্কৃত, তুমি অমার্জিত, অসংস্কৃত। মানুষে মানুষে পার্থক্য তৈরি করা, তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করা। যারে দেখতে নারি তার চলন বাঁকা, এ তো বহুশ্রুত প্রবাদ। দেশি ঠাকুর ছেড়ে বিদেশি কুকুর পুজোর উদাহরণ এ দেশের কবিই তো আমাদের কাল্পনিক জাতে ওঠার লালসাকে নির্দেশ করে বলেছিলেন। আজও কি সেই অভ্যাস গেছে? যায়নি, অন্তত সদ্য যাওয়া ছটপুজো তো তাই প্রমাণ করে দিল। সূক্ষ্ম বিশ্লেষণ, উদাহরণের পর উদাহরণ, ব্যঙ্গ-বিদ্রুপের বন্যা, যার মধ্যে রস থাকলেও উদ্দেশ্য বড় হীন। কেউ প্রমাণ করতে চাইল ওরাও করে তাই আমিও করি; কেউ প্রমাণ করতে চাইল, ওরা অর্বাচীন, অসভ্য, ইতর, অমার্জিত, অসংস্কৃত। তার জন্য ট্রেনের অবৈধ সিট নেওয়া থেকে পানের পিকের উদাহরণে পাতার পাতা ভরে গেল। আমাদের রাজ্যে ফালুট থেকে দীঘা যে মার্জিত, উচ্চমানের সংস্কৃতি, নিয়মানুবর্তিতা, শিক্ষা, কাব্য ইত্যাদি ইত্যাদিতে ভরপুর, যার সাক্ষ্য নোবেল ও অস্কার, সেও বারবার বলা হল। যদিও যারা সেগুলো পেয়েছিলেন তাদের মতামত আপামর এই ধারণার বাইরে ছিল কিনা সে আলাদা প্রসঙ্গ।
এক হয় কোনো কিছু অর্জনের গর্ব; আরেক হয় গর্ব নিয়ে গর্ব। যেমন এক হয় বিদ্বেষ; আর ক্রমাগত বিদ্বেষের শিকার হতে হতে বিদ্বেষের শিকার হওয়ার থেকে জাত বিদ্বেষ। বাঙালির গর্ব এখন দ্বিতীয় শ্রেণীর। তার গর্বের আপাতত কিছু নেই। কিন্তু গর্ব করার এককালে কিছু ছিল বলে সেই নিয়ে গর্ব এক মোহের আবর্তে আচ্ছন্ন করে রেখেছে। অশোক সেন, অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিয়ে তেমন কিছু জমে উঠল না। কারণ সেগুলো নিয়ে আলোচনা করার জন্য মেলা পড়াশোনা করতে হবে। তার চাইতে শিল্প সংস্কৃতিটা সোজা। গীতাঞ্জলি পড়ি না পড়ি, পড়লে ভালো না লাগলেও বুঝতে অসুবিধা হয় না বিষয়টা কী। পথের পাঁচালি থেকে গণশত্রুও তাই। ভালো লাগুক না লাগুক বিষয়টা অন্তত দুর্বোধ্য নয়। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোর যার জন্য এই দুরবস্থা এখন। বর্তমানে দ্বিগিন্দ্রনারায়ণ ভট্টাচার্যের “জাতিভেদ” বইটা পড়ছি। সেই একই কথা মনে হয় এ পড়তে পড়তে, বিদ্বেষ কোনো জাতকে বড় করেনি। টলস্টয় যে কারণে তাই উগ্র ন্যাশনালিজমের বিরুদ্ধে কলম ধরেছিলেন, রবীন্দ্রনাথও ধরেছিলেন। অন্যকে ছোটো করে, তার অমার্জিত দিককে বড় করে দেখিয়ে, তার পরিচয়কে আমার বিদ্বেষপ্রণোদিত বুদ্ধিবৃত্তির যুক্তির আলোকছটায় দেখলে প্রকারান্তরে নিজেকেই ছোটো করা হয়। বাঙালির এখন কথায় কথায় অপমানিত লাগছে, গেল গেল লাগছে, কারণ তার মূল দুর্বল হয়েছে। গর্ব নিয়ে গর্ব করে দিন কাটালে অলসতাই বাড়ে, ঈর্ষাই বাড়ে। নিজেকে জানতে গেলে অন্যকে জানতে হয়। নিজেকে বড় করতে গেলে অন্যকে নিজের মধ্যে ঠাঁই দিতে হয়। এ শিক্ষাই রবীন্দ্রনাথ বিশ্বভারতীর আদর্শে আনতে আজীবন চেষ্টা করে গেলেন। তাই অধুনা ভুঁইফোড় সনাতনীরা যখন বেলুড় মঠের খ্রিস্ট উপাসনার ছবি নিয়ে ব্যঙ্গ করছিলেন, তখনই বেলুড় মঠ প্রাঙ্গণে ছটপুজোর সমারোহ দেখে নিরুত্তর থেকে গেলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের দক্ষিণ ভারতীয় প্রেসিডেন্ট টোটোয় করে ঘুরে ঘুরে প্রসন্নমুখে যখন 'অবাঙালীদের' উৎসবে আনন্দিত হচ্ছেন, সেই মুহূর্তে সেই ছবিটা রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শকেই প্রতিফলিত করছে।
মানুষের শরীরের সীমারেখা আছে, তার জন্মের একটা ভৌগোলিক নৃতাত্ত্বিক পরিচয় আছে, কিন্তু তার চিত্তের প্রসারের কোনো সীমা নেই বলেই উপনিষদ চিত্তকে ভূমার অধিকারী বলতে স্পর্ধা দেখিয়েছিলেন আর বুদ্ধ করুণাকে অনন্তরূপে বিস্তৃত করার উপদেশ দিয়েছিলেন। মানুষ বড় হয় নিজের দুর্বলতাকে অতিক্রম করে, অন্যকে দুর্বল প্রতিপন্ন করে নয়।
Mention Chhath, and the mask of the Bengali ‘bhadralok’ slips
Category
- Log in to post comments
- 1 view