বিরক্ত লাগবে। ঠিক ওই জন্যেই বলা। যত বিরক্তি লাগানো যাবে তত অস্তিত্ব টের পাওয়ানো যাবে। অসংলগ্ন, অসঙ্গত, দায়িত্বজ্ঞানহীন কথায় রাগ হয়। আর ওই রাগ হওয়ানোর জন্যেই এত কিছু। আর অনেকে মিলে যখন অসঙ্গত, অপ্রাসঙ্গিক দায়িত্বজ্ঞানহীন কথা বলে তখন একটা উৎপাত তৈরি হয়। এখন এই উৎপাতের কারণে আবার রাগ, বিরক্তি তৈরি হবে। একটাই কথা, শুনবেন, গুরুত্ব দেবেন না। বলতে পারেন, এমন গুরুত্বপূর্ণ পদের গুরুত্বও দেব না? না, দেবেন না। গুরুত্ব না দেওয়ার অর্থ উপেক্ষা বলছি না। বলছি মনে মনে তর্ক করবেন না, উত্তর খুঁজবেন না। অর্থাৎ কোনোরকম ডিবেটে নিজের মনে মনে বা সামাজিক মাধ্যমে জড়াবেন না। একটু দূর থেকে শুনুন কথাটা। মনে মনে অনেক দূর নিজেকে নিয়ে চলে যান। এইবার কথাটা শুনে দেখুন। হাসি পাবে। এবং ওই কথার যোগ্য জবাব খুঁজতে গিয়েছিলেন বলেও হাসি পাবে।
যেমন ধরুন রাস্তায় অনেক মানুষ পিছলে পড়ে গেল। তখন সেই রাস্তার অধিপতি বলল, “বাহ, মানুষের অগ্রসর কী দ্রুত হচ্ছে! আশ্চর্য! আগের অধিপতির আমলে এমন দ্রুত মানুষ এগোতো না। অর্থাৎ কিনা দ্রুতগামীরা জাগছে! এটা তো মরুভূমি না, যে লোকেরা পিছলে পড়ার সুযোগটুকু পাবে না!”
এই কথা তিনি হয় তো বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। আপনার রাগ হল। বিরক্তি লাগল। সেটাই স্বাভাবিক। এমন অসঙ্গত, দায়িত্বজ্ঞানহীন কথায় রাগ হওয়াই স্বাভাবিক। কিন্তু প্লিজ, কথাটা একটু দূর থেকে শুনুন। মনে করুন আপনি তিরিশ বছর পর একই কথা শুনছেন। কিম্বা মনে করুন আপনি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে বসে এই কথা শুনছেন। কী হবে? আপনার হাসি পাবে। আপনি তখন আর সামাজিক মাধ্যমে এর একটা উত্তর খুঁজতে বা দিতে বসবেন না। উত্তর খোঁজা এই ক্ষেত্রে কেন অস্বাস্থ্যকর সেটাই একটু বলার চেষ্টা করি।
দেখুন, একজন যদি বলেন, যে হারে দূষণ বাড়ছে তাতে করে গাছের সালোকসংশ্লেষ হারে পরিবর্তন ঘটছে, ভাইরাসদের জিনোম বদলাচ্ছে। কিম্বা একজন বললেন, অর্থনীতির এই এই দিকটা আপাতত না আটকালে ভবিষ্যৎ প্রজন্মের এই এই অসুবিধা হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমি জানি আজকাল কেউ বলবেন না এইসব কথা। বিজ্ঞানের এমন বড় পুরষ্কারই রাজার নজর এড়িয়ে যায়, সে কথা বলছি না। আমি বলতে চাইছি, এই ধরণের কথায় আপনাকে সত্যি সত্যি যুক্তির সঙ্গে তর্কে অবতীর্ণ হতে হবে। সেখানে পড়াশোনার দায় আছে, অথেন্টেসিটি খোঁজার দায় আছে। আরও অনেক অনেক মাথা খাটানোর দায় আছে। কিন্তু পিছলে পড়ার গল্পটার মত অমন অসংগত ন্যারেটিভের উত্তর তো আপনার জানা। একটা সদ্য বোধে আসা শিশুরও জানা। তাই আপনি একদিকে ভাবছেন এমন দিনের আলোর মত সহজ স্পষ্ট ব্যাপারটা এমন ঘেঁটে দিচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এমন একটা অকাট্য যুক্তি সাজাব না! আরেকদিকে ভাবছেন, আমাদের এত বোকা পেয়েছে? এগুলোও বিশ্বাস করব? ফলে রাগের উত্তেজনা আর অপমানের উত্তেজনায় আপনি দ্বিগুণ উত্তেজিত হয়ে পড়ছেন।
কী হবে উত্তর সাজিয়ে? সে তো একটা শিশুরও জানা। যিনি বলছেন তিনি কী জানেন না? সব জানেন। তিনি চান আপনি আমি এই নিয়ে তর্ক করি। তর্কের বিষয়টা যত জোলো-লঘু হয় তার্কিকের সংখ্যা তত বেশি হয়। চায়ের দোকান থেকে মাছবাজার, বাসট্রেন থেকে রকের আড্ডা সব জায়গায় তর্ক হয়। সেখানে নিশ্চয়ই অমর্ত্য সেনের অর্থনীতির থিওরি নিয়ে তর্ক হবে না। বড়জোর অমর্ত্যের জমিজায়গা, বউ, দেশপ্রেমহীনতা নিয়ে তর্ক হবে। এও এক ধরণের নেগেটিভ পাবলিসিটি। যেই করে আমরা ঢিংচ্যাক পুজা, রুমা ঘোষের নাম জেনেছিলাম। অর্থাৎ তারা এতই বাজে গাইত যে সেটা নিয়ে আমাদের কৌতুহলের অন্ত ছিল না।
তাই বলছি, উত্তর দেওয়াটাই বড় কথা না। প্রশ্ন ও প্রশ্নকর্তার অভিসন্ধিটাকে অনুধাবন করাও একটা বড় কাজ।
কৈলাস সত্যার্থী যে বাচ্চাদের নিয়ে এত ভালো একটা কাজ করছেন সেটা আমরা নোবেল না পাওয়ার আগে জানতাম? এই মুহূর্তে অনেকে হয় তো এতদিনে ভুলেও গেছে এমন একটা কাজ এ দেশে হয়েছে, সেখানে কেউ এমন কাজের জন্য স্বীকৃত হয়েছেন। কিন্তু গণেশের দুধ খাওয়া? দেখুন অনেক তীব্রভাবে মনে আছে। কারণ এই ধরণের জিনিস আমাদের স্মৃতিতে বেশি করে থাকে। নেগেটিভ জিনিসের প্রচার বেশি হয়। এত ট্রোল, এত মিম। এ সবই নেগেটিভ উপাদানেই তাই এত বেশি হয়। কিন্তু এতে কোনো ফল হয় কী?
তর্কে নামার আমার মনে হয় এটা অন্তত ভাবার দরকার তর্কটা যে বিষয় নিয়ে সেটা কতটা প্রাসঙ্গিক, মূল্যবান এই সময়ে দাঁড়িয়ে। আজ সতীদাহ প্রথা নিয়ে পাঁচশো পাতার তর্কে যেমন কাজ নেই, তেমনই ধর্মীয় বিশ্বাসের বিজ্ঞানীকরণ বা বিজ্ঞানের আবিষ্কারের ধর্মীয় সুত্রের অনুগামীকরণ করিয়েও কী লাভ? যা বাস্তব সেটাই শেষে টিকে থাকবে সে আমার অনুভূত, বিচার্য সত্যের অনুরূপ হোক চাই না হোক।
বরং আমরা আমাদের আয়ুর সদব্যবহার করি। একটু বাছাবাছি করার অভ্যাসটা জাগিয়ে তুলি।
Category
- Log in to post comments
- 1 view