দহন
I am here in ageless flowing of time
শামুকের খোলা
আজ বহুদিন পর পুকুরের পাড়ে এসে দাঁড়ালাম
কয়েকটা ধাপ নামতেই পা ডুবে গেল জলে
চেনা সুর শুনলাম অচেনা গলায়
চেনা ছবি অচেনা ফ্রেমে বাঁধা পড়ল
কোমর জলে দাঁড়িয়ে তাকালাম আকাশের দিকে
ছেঁড়া ছেঁড়া ছন্দ নিয়ে কয়েক টুকরো মেঘ বুকে আকাশ
আমায় বলল, আসব?
আমার সারা পুকুরের জল আকাশের ছায়ায় ঢেকে গেল
মেঘমালা
পলি
১
----
অভ্যাসের পর অভ্যাস পলি পড়ে গেছে
মেয়েটার বিয়ের ষোলো বছর পর মনে হয়
শূন্য খাঁচায় দুটো মৃত শরীর বাসা বেঁধে আছে
তবু পলি সরিয়ে, পলি সরিয়ে যখন জাগে কারোর চোখ
মেয়েটা বাজার থেকে পলি কিনে আনে,
ভাঙা ডানাকে বলে - চোপ
মে দিবস
ফাটা মাটি। অবাধ্য পাহাড়। শুষ্ক মরুভূমি। যন্ত্রের রক্তচক্ষু।
যারা মুখোমুখি, পাশাপাশি, হাতেতে হাত রেখে
যারা যেন বেহিসাবী, প্রাক-মঞ্জুরিত প্রাণ
তারা বুঝুক আবার আজ, তাদের টানেই জীবনের জয়গান।
তুমি জন্মেছো
তুমি জন্মেছো
তোমার বুকে জগৎ জন্মেছে
তুমি জন্মেছো
তোমার বুকে প্রেম জন্মেছে
তুমি জন্মেছো
তোমার বুকে দুঃখ জন্মেছে
ওরা আছে, কারণ তুমি আছো
এটাই সত্যি, বাকিটা গল্প
তারা বানিয়েছে, যারা নেই
সে গল্পও আছে, কারণ তুমি আছো
একক সুর
অন্দরমহলে কটা চেয়ার পাতা
এদিক ওদিক ছড়ানো ছেটানো
(হয়তো বা সাজানো)
কয়েকটা সোফা
মাটিতে মাদুর পাতা
ধুলো পড়েছে স্তরে স্তরে
সোফাতে, চেয়ারে, মাদুরে
কেউ বসেনা আজকাল
বারুদ
নিজে জ্বলেই জ্বালানো যায়
শুধুমুধু বারুদের দোকান সাজিয়ে কি হবে?
যে আসবে কিনতে,
সে চারদিকের অন্ধকারে বিভ্রান্ত হবে
আলোকে করবে অবিশ্বাস
দুর্ভাগ্য এই, আজ বারুদ বিক্রেতাই চারিদিকে
কেউই পুড়তে চায় না
চায় অন্যকে জ্বালিয়ে সে আগুনে তাপ পোয়াতে