Skip to main content

 

রাত আড়াইটের সময় হাসিদি ধড়মড় করে উঠে বসলেন। উঠেই পাশে ঘুমিয়ে থাকা বাষট্টি বছরের কর্তাকে ঠেলে ধাক্কিয়ে তুললেন। কর্তা উঠে বসেই বিরক্তির সুরে চোখটা বন্ধ রেখেই বললেন, অম্বল তো? ওই তো টেবিলে ডাইজিন রাখা।

হাসিদি বললেন, অম্বল না। হ্যাঁ গো, এই সিজিন চেঞ্জের সময় আমাদের একটু সাবধানে থাকতে হবে না?

সুধাংশুবাবুর ধারণা চোখ খুললেই ঘুম চোখ দিয়ে ফুড়ুৎ করে উড়ে যায়। উনি তাই চোখ বন্ধ করেই শৌচাদি কাজগুলো রাতের বেলায় সারেন। কিন্তু এমন অসময়ে এমন সিলেবাসের বাইরের প্রশ্নে অজান্তেই চোখ খুলে গেল। স্ত্রীর কপালে হাত দিয়ে দেখলেন, বললেন গা ম্যাজম্যাজ করছে? গলা খুসখুস?

হাসিদি বললেন, না না ওসব না। সিজন চেঞ্জের সময় বাঙালিদের সাবধানে থাকতে হয় না, তাই বলছিলাম।

সুধাংশুবাবু উদাস হয়ে “ও” বলে ভাবছেন শোবেন, না একবার টয়লেটটা ঘুরে আসবেন, এমন সময় হাসিদি বললেন, এই আজ মহালয়ায় নাকি হনুমান চালিশা আর দুর্গা চালিশা চালাবে, এরকম কিছু হবে?

সুধাংশুবাবু বেশ মুখটা ব্যাজার করে বললেন, কে বলে তোমায় এসব?

ওই যে রত্নাদি বলছিল, আর বলল, একান্তই যদি মহালয়া হয় তবে নাকি মিঠুন চক্কোতি চণ্ডীপাঠ করবে।

এও কি রত্নাদি?

হ্যাঁ তো।

আরে না। ওর অন্নপূর্ণার টাকা ঢোকেনি বলে এইসব বকে মরছে।

হাসিদি বললেন, না গো। বাঙালির তো এগুলো শিখে নিতে হবে বলো। অ্যাদ্দিন দুর্গাপুজো, পঁচিশে বৈশাখ এইসব করে কী হল বলো তো। জানকিদি বলেন, তুমরা এইবার এগুলো সিখে লাও দিদি, কামে আসবে। উসব লক্সমীর পাঞ্চালি না কি কোভিতা উভিতা পড়ো, কী হল?...তাই তো বলো।

সুধাংশুবাবুর তলপেটে চাপটা বেড়ে গেল। “ধুস” বলে উঠে, আলো জ্বেলে, টয়েলেটে গেলেন। ফিরে এসে দেখেন হাসিদি দেওয়ালে ঝোলানো তাদের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে বসে।

আবার কী হল? বলে সুধাংশুবাবু খাটে উঠে বসলেন।

হাসিদি বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাদের পাড়ার মাঠে ক্লাব থেকে যে রাবণ পোড়ানোর রাবণ করেছে, তার মুখটা আমার বাবার মত।

বলতে বলতে হাসিদির গলা ধরে এলো।

সুধাংশুবাবুর ফস করে হাসি পেয়ে গেল। অমন সরু মুখের রাবণ কোথাও দেখেছেন বলে তো মনে এলো না। হাসি চেপে হাসিদিকে বললেন, কেন গো?

হাসিদি বললেন, আরে বাবা তো ঠাকুরদেবতা মানত না। কলেজে পড়াত আর দেশসেবার নাম করে কার পড়া আটকে গেছে, কার ওষুধ জুটছে না এই করে নিজের টাকা এদিক ওদিক ঢেলে আসত। মা বারবার বলত, এইভাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়িও না। আমি আজ বুঝছি, কী দামী কথাই না মা বলতেন। ওইসব করলে পরকালের কাছে কী মুখ দেখাবে? বাবাকে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি বিষ্ণুলোকে আসার জন্য কী করেছ, বাবা কী উত্তর দেবেন?

সুধাংশুবাবু বললেন, আহা সেও তো পুণ্যের কাজ।

হাসিদি বললেন, ধুস! কত পুণ্য করলে আদানি স্যার, আম্বানি স্যারের মত ভুবনজোড়া খ্যাতি হয় বলো তো। আমাদের কী হল? হ্যাঁ গো, আমাদের পাড়ার ঠাকুরটা নাকি আদানি স্যার দিয়েছেন? একি সত্যি?

সুধাংশুবাবু বললেন, তোমার মাথাটা গেছে গিন্নী। তুমি ঘুমাও। আমি কি আলোটা নেভাবো?

হাসিদি বললেন, তা না গো, বলছিলাম বাঙালির এখন সিজন চেঞ্জের সময়, এখন তো সাবধানে থাকতে হয় বলো। বলছিলাম, রহমন চাচার ছেলে কাগজ দিতে আসে, ওকে বারণ করে ঝন্টুকে বলে দিই না…

সুধাংশুবাবু মোবাইল অন করে মেসেজ চেক করছিলেন, অন্যমনস্ক হয়েই বললেন, কেন গো?

না, কেউ যদি কিছু মনে করে। হাবুলটা কেমন জানি তাকায়। চোখ বড় বড় করে।

হুম। তা চোখ বড় বড় মানুষ করে না? পোকা পড়লে, চোখে জ্বালা করলে, ব্যথা করলে…করে তো।

তোমার খালি ঠাট্টা।

আচ্ছা গিন্নী, যাদের কথায় কথায় চোখ রাঙাবার নেশা, তাদের চোখের ব্যারাম কেউ সারাতে পেরেছে কোনোদিন। ও কালে আপনিই ঠিক হয়ে যায়। তোমায় কেউ কিছু বলেছে?

না, তা না।

তুমি এইসব রাতদিন রিলটিল দেখা বন্ধ করো তো। আর গুচ্ছের কী সব সিরিয়াল দেখো। ওর চেয়ে খেলা দেখো না।

হাসিদি বললেন, সেই ভালো। খেলাই দেখব এখন থেকে। তুমি আমাকে শিখিয়ে দিও। তোমারও তো এখন কোনো কাজ নেই। আচ্ছা, আর একটা কথা, শেষ কথা। বলছি, ঠাকুর দালানে যে মা দুর্গার মূর্তি গড়ছে না, আমার মায়ের মুখটা দেখে কেমন জানি কষ্ট লাগছে, লজ্জা লাগছে, তোমারও কি লাগছে?

সুধাংশবাবু আলোটা নিভিয়ে দিয়ে বললেন, একটু গড়িয়ে নাও গিন্নী। কাল গঙ্গায় যাব। যাবে তো?

হাসিদি বিছানায় পিঠটা ঠেকাতে ঠেকাতে বললেন, হ্যাঁ, কিন্তু সিজন চেঞ্জের সময় তো গো…বাঙালির এখন একটু বুঝে চলা লাগে…

জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার। বাগবাজারের একটা আদ্যিকালের বাড়িতে ঘুমিয়ে পড়লেন দুজনে। একটু দূরে মায়ের বাড়ি। এই বাড়িতে নাকি নিবেদিতা এসেছিলেন বিবেকানন্দর সঙ্গে। এই রাস্তা দিয়ে। যে রাস্তা ভোরের আলোর অপেক্ষায় আছে।

↑