Skip to main content

 

এই তো সব অস্বচ্ছ। “বিশ্বাস নেই, বিশ্বাস?”। না, নেই। দাঁড়াও এখানে, আমি খুঁজে আনি, তোমার জন্য, যেও না কোথাও।

বিশ্বাস নিয়ে সে এলো না। কিম্বা হয় তো এসেছিল, চিনতে পারিনি। এত অস্বচ্ছ সব! দাঁড়িয়ে আছি কতক্ষণ হল? কত যুগ?

প্রাণের শব্দ পাচ্ছি। ডাকাডাকি, আমোদ উল্লাস, কান্না। হঠাৎ করে হারিয়ে যাচ্ছে কোনো কণ্ঠস্বর। কে গেল?

বিশ্বাস করতে হবে। আলো। প্রেম। করুণা। করবে না? করতে চাও কি?

আমি দাঁড়িয়ে আছি। এটা বিশ্বাস না? আমার পরিচয় জানি না। গন্তব্য জানি না। এত অস্বচ্ছ সব। তবু সব অভিযোগ বিগত জন্মের খেলনার মত ভেঙে ছড়িয়ে দিয়েছি। এটা বিশ্বাস না?

বিদ্যুৎ চমকে গেল আকাশে। এক ঝলকে সব স্পষ্ট হয়ে, আরও অস্পষ্ট হল। আরও অন্ধকার। পা এখনও মাটিতে। আত্মপরিচয় ধোঁয়ার মত উড়তে উড়তে মিলিয়ে যাচ্ছে। পা এখনও মাটিতে। মাটির বুকের মধ্যে সচল হৃৎপিণ্ডের অনুবভ, পাচ্ছি। ধক ধক ধক। আমি আছি। আমি কে? জানি না। ধোঁয়া হতে পারি। অথবা কুয়াশা। কিম্বা পাথরে জমা শিশির।

চেনা গলা। ও কে? চেনা স্পর্শ। ও কে? চেনা চুম্বন। ও কে? চেনা মৈথুন। ও কে? ও কি ধোঁয়া? কিম্বা কুয়াশা? কিম্বা ঘাসের মাথায় জমা ভোরের শিশির? ও কে?

বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না তোমার নামে? তোমার কাজে? তোমার ধর্মে? তোমার জীবনের উদ্দেশ্যে? তোমার স্রষ্টায়?

হ্যাঁ হ্যাঁ। আমার পা এখনও মাটিতে। আমার নাম, কাজ, ধর্ম, স্রষ্টার গুণগান আমাকে বেয়ে বেয়ে উঠে কোথায় চলে গেল। হারিয়ে গেল। বড্ড অস্বচ্ছ সব চারদিকে। আমি দাঁড়িয়ে আছি। একা, না অনেকের সঙ্গে? আমি বিশ্বাস করতে চাই। আমার একটা নাম খুঁজে পেতে চাই। যে নামের অক্ষরে আমার খণ্ড জীবনের সঙ্গে অসীমকালের, অনন্তকালের একটা সম্পর্ক চাই। কী সে নাম?

নাম চাও, না বিশ্বাস? এক খণ্ড মিছরি দানার মত মিষ্টি বিশ্বাস। দেব?

না। নাম দাও।

কার নাম? তোমার? তুমি যে বললে, তুমি ধোঁয়া, কুয়াশা কিম্বা শিশিরের মত…কে মনে রাখবে নাম? নদীর নাম হয়, প্রতি জলবিন্দুর নাম হয় কি? যে নদীর নামও গিলে খাও সমুদ্র।

তবে থাক। আমি মাটিতে দাঁড়িয়ে থাকি আরও কিছুক্ষণ। স্বচ্ছতা চাইছিলাম, নামে, বিশ্বাসে, পরিচয়ের ছদ্মবেশে…লুকিয়ে লুকিয়ে। স্বচ্ছতা চাইব না আর। চাইছি না। তুমি যাও। প্রত্যাশা রাখছি না। অস্বচ্ছতা নেই আর। আছে দুর্বোধ্যতা। অস্বচ্ছতার কাছে প্রত্যাশা ছিল আত্মহননের সামিল। আমি আত্মহননে বিশ্বাস করি না। এই আমার বিশ্বাস।

↑