ভাইফোঁটার দিন সকালে গেরুয়া গায়ে বৈষ্ণবী বলল, ভাই দিবি কিছু?
বললাম, কাল অশৌচ চলছে। নেবে?
কে গেল রে?
বাবা
বয়েস হয়েছিল রে ভাই?
তা হয়েছিল।
আমার বাবা মাকে মনে পড়ে না। ওপার বাংলায় রেখে এসেছি।
বলতে বলতে মেঘ ছেঁড়া আলতো রোদে বৈষ্ণবীর ভেজা চোখ। প্রায় ফাঁকা স্টেশান। সকালের ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়ায় বৈষ্ণবীর কাঁচাপাকা চুল উড়ছে। কৃষ্ণবর্ণের গোলগাল মুখ। তার উপর উপর দীঘির জলের মত টলটলে দুটো চোখের উপর দুরন্ত বাচ্চার মত এসে পড়ছে কয়েকটা চুল। এত মায়া এখনও বৈষ্ণবী তোমার? তোমার গেরুয়া? তোমার সংসার ত্যাগ?
হৃদয় কী মায়াশূন্য হয় ভাই? হৃদয়ে জন্মজন্মান্তরের মানুষের মুখ জমে। গৌর গোবিন্দ কী শুষ্ক হৃদয়ে নামে ভাই?
বৈষ্ণবী উঠল। ট্রেনের ঘোষণা হয়েছে। এইবার তাকে দেখাও যাচ্ছে। বৈষ্ণবী মাথায় হাত রেখে বলল, ভালো থেকো ভাই।
বললাম, নেবে না কিছু?
বৈষ্ণবী হাসল। বললাম, আমার মুখ কী তোমার জন্মজন্মান্তরের ছবিতে থাকবে?
বৈষ্ণবী বলল, থাকবে।
আমরা আলাদা কামরায় উঠলাম। ট্রেনে ভিড়। দাঁড়ালাম এক কোণায় অল্প একটু জায়গা করে। সংসারে মুগ্ধ হওয়ার জিনিস বড় কমে আসছে। কেতাবি শিক্ষা বোকা মানুষদের ছেঁটে ছেঁটে এত নীচের তলায় ফেলেছে সেখান থেকে তাদের প্রাণের সুর ওপর তলায় পৌঁছায় না। চতুর এ সংসারে হৃদয়ের এমন ভার সহ্য করো কী করে বৈষ্ণবী?
Category
- Log in to post comments
- 1 view