Skip to main content

১

====

যে গাছের গুঁড়িতে সুতো বেঁধে প্রণাম করে

সে সরল। তার গতি আছে।

আমার মনের গহীন বনেও

অনেক গাছে অনেক সুতো বাঁধা

আমি ধূর্ত। আমি আমার আবর্তে বাঁধা।

 

২

===

যে অশ্বত্থের গুঁড়িতে হলুদ সুতো বেঁধে গেল, ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করে

আমার তাকে দেখলে ভয় করে না

বরং তার সরল শ্রদ্ধার কাছে নত হতে সুখী হই

যে বৃহস্পতিবার আমাকে নকুলদানা দিয়ে যায়, বারের ঠাকুরের প্রসাদ বাইরে দাঁড়িয়ে খেতে বলে, কীর্তনের সিন্নি আদর করে বাটি ভরতি করে দিয়ে যায়

তাকেও আমার ভয় লাগে না

তাদের সরল ভালোবাসাকে আগলে নিই দুই হাতে

পঞ্চপ্রদীপের শিখার মত

কিন্তু যে মঞ্চে দাঁড়িয়ে, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে, অর্থমূল্যের বিনিময়ে, মনের আলো-অন্ধকার জগতে

বাক্যের মোহজাল তৈরি করে মৃদু হাসতে হাসতে

মানুষের সবটুকু "সাধারণ"কে উপেক্ষা করে

তাকে আমি ভয় পাই

Category

↑