Skip to main content

 

003.jpg

 

এই তো জেগে গেলাম। ঘুমের মধ্যে কে অপেক্ষা করে জেগে যাওয়ার? দুটো হাতের চেটো ঘষে ঘষে গরম করে মুখের উপর মাখলাম। জেগে যাওয়ার অভ্যর্থনা। তেষ্টা পাচ্ছে। জল টেবিলের উপর রাখা। তেষ্টা মেটাতে গেলে চেষ্টা করতে হবে। জানলার বাইরে দিনের শব্দেরা আসছে। মানুষ জেগে থাকলে কতরকম শব্দকে জাগিয়ে তোলে। আমার জাগার অনেক আগে এ শহর জেগে গেছে। আগে অপরাধী লাগত। এখন অপরাধী লাগার সে বিলাসিতা ছেড়ে গেছে। অপরাধ শুদ্ধ মনে জাগে। আমার সে মন কই?

ষোলো বছর বয়সে বাড়ি ছাড়লাম। খালাসির কাজ নিলাম। মির্জাপুরের এক পাষণ্ডের শিকার হলাম। আমাকে ট্রাক শেখানোর নাম করে রাস্তাঘাটে, সরাইখানায়, ধাবায় চলত আমার শরীর নিয়ে ওর উল্লাস। সহ্য করতে হত। অনেকে বলল, এ রাস্তায় এ প্রায়ই হয়ে থাকে। কিন্তু এ লোক কথার খেলাপ করবে না। কাজ শেখাবে।

শিখিয়েছিল। তেইশ বছর থেকে নিজে ড্রাইভার হলাম। ভারতের এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরতে ঘুরতে বিয়ে হল, বাচ্চা হল। বয়েস বাড়তে বাড়তে এক সময় বুঝলাম, কর্তব্য কথাটা চালুনির মত। জীবনের সব ক্ষণ গিলে খায়। শেষে পড়ে থাকে হতাশা। আমার এখন বাষট্টি বছর বয়েস। হাঁপানিতে শ্বাস যায়, কিন্তু প্রাণ যায় না। বউ মরেছে। দুই ছেলে ভারতের কোথায় আছে জানি না। আমি এই মির্জাপুরে থেকে গেলাম। বাড়ির নীচে দুটো ভাড়াটে আছে। আমার বাড়ি। আমি দোতলায় একটা ঘরে দিন গুনছি।

কর্তব্য কথাটার মত ধোঁকা অথচ দরকারি জিনিস দাদা কম আছে। মানুষকে বারবার বলে, এই তো তোমার কর্তব্য তুমি করে যাচ্ছ, উপার্জন করছ, বউবাচ্চা পালছ, লেখাপড়া শেখাচ্ছো, তবিয়েত খারাপ হলে ডাক্তার-উক্তার দেখাচ্ছ। আর কী? মানুষও বোকা হয়ে লেগে যায়। নিজের পিঠ চাপড়ায়। কিন্তু খেয়াল করে না চালুনি দিয়ে সব চলে যাচ্ছে দাদা।

আমাকে এই বিন্ধ্যাচলের এক ঠাকুর জিজ্ঞাসা করেছিল, তুমি যদি শাদিউদি না করতে তো জীবনটা নষ্ট করে ফেলতে বদ নেশায়। আমি এই কথাটা নিয়ে ভেবেছি। মানুষ ভয় পায়। কর্তব্য সরিয়ে দিলেই ভাবে গোটা জগত তাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে। ভগবান তার দিকে তাকায় না। সমাজে তার জায়গা নেই। কিন্তু দাদা, এই ভগবান, সমাজ কে বনিয়েছে? মানুষ? তার বুদ্ধি দিয়ে, মন দিয়ে গড়েছে। যত সব ফাঁকা লেগেছে তত শক্ত নিয়মের পাঁচিল তুলে বলেছে, এই রাস্তা। হাঁটো। চরকির মত ঘুরতে ঘুরতে মানুষ আয়ুক্ষয় করেছে ছাড়া আর কী করেছে দাদা।

একটু দাঁড়ান। ওই যে জানলার বাইরে পুরোহিতে গলা পাওয়া যাচ্ছে। ওর নাম বিদ্যাচরণ। ডাকি?

বিদ্যাচরণের বয়েস কত জানেন? আমার থেকে সাত বছরের বড়। বাড়িতে সব আছে। তিন ছেলে পুরোহিত। একজন কাশী বিশ্বনাথের সেবা করে। আমাকে খুব ভালোবাসে। ওর এক ছেলের সঙ্গে আমার ছেলে পড়ত। নীচু জাত বলে আমার বাড়ি কিছু খায় না। কিন্তু আসে। বোসো পণ্ডিতজী। তোমার কথাই হচ্ছিল। তুমি বলো, কর্তব্য কী?

তুমি শালা গোটা জীবন ট্রাক চালিয়ে, এদিক ওদিক রেন্ডিবাজী করে, এখন এসব প্রশ্ন করে মাথা খারাপ করছ কেন? এ সব উত্তর পাওয়ার জন্য শুদ্ধ মন লাগে। তুমি পাপী। তোমার মনে পাপের বটগাছ। ঝুরি নেমে নেমে অন্ধকার দিনের বেলাতেও। তোমার কর্তব্য সোতেজাগতে হরি নাম লো, ওর মউতকে প্রতীক্সা করো।

ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, শুনছেন? নিঃশব্দ সব। কেন বলুন তো? কারণ ও ভীষণ প্রচলিত মিথ্যা বলেছে একটা। প্রচলিত মিথ্যা সত্যের খুব কাছাকাছি বসে মানুষের মনে। দূর থেকে মনে হয় ভীষণ সত্যিই হবে বা হয় তো। এত যুগ ধরে এত এত মানুষ, একটা জাতি বিশ্বাস করে আসছে যে তাকে প্রশ্ন করা অবার্চীনের মত লাগে। কিন্তু এরকম একটা মিথ্যা উচ্চারণ হলে মন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নেশা লাগে। যে বলে তার যেমন নেশা লাগে, যে শোনে তারও লাগে। আপনার লাগছে? আমার আগে লাগত।

তুমি শালা খালাসি ছিলে না? হঠাৎ মনে বৈরাগ্য হল। আসলে হাতাশা হল। ভোগ করতে পার না। ঈশ্বরে মন দিবে এমন শুদ্ধতা এই বয়সে তোমার ওই পাপী মন পারবে না। তবে? কেউ নেই তোমার, সব ছেড়ে গেল। তাই তুমি আমাকে জ্বালাও। তাও তোমার কাছে আসি, কারণ তুমি আদমি ভালো। কারোর ক্ষতি করোনি। পরের জন্মে তুমি ভালো জন্ম পাবে। আমার কথা মিথ্যা হবে না।

আশা। দেখুন, আশা দিচ্ছে। কারণ ও আমাকে কোথাও ভালোবাসে। আবার আমার মনের গতির ওর সঙ্গে সংঘর্ষ, তাই একটা রফা করতে চাইছে। মানুষ কতভাবে গোঁজামিল দিয়ে বাঁচে, না দাদা? আমি অবাক হয়ে যাই। আর কটা দিন বাকি, এখন আর নতুন কোনো গল্প শুনতে চাই না দাদা। আশা অনেক ছিল। আশা না হলে মানুষ বাঁচে না। তাই আশাকে জাগিয়ে রাখবে বলে কর্তব্য করে যায়। আশা এই যে কর্তব্য করে গেলে পুরষ্কার পাবে। হা হা হা…উফ…হো হো হো…ভগবান সব লিখে রাখছে। যত কষ্ট পায়, যত অন্যায় অবিচারের শিকার হয় মানুষ তত ভাবে ঈশ্বর সব পুষিয়ে দেবেন। ধীরে ধীরে আমার বয়সে এসে বোঝে যন্ত্রণার চেয়ে বড় সত্য জীবনে আর কিছু নেই।

এই শালা, তুমি পাপ করেছ তাই এত যন্ত্রণা পাচ্ছ। সব হিসাব এই জগতেই পেয়ে যেতে হয়। মিথ্যা ভগবানকে দূষে কী লাভ?

কই দুষলাম পণ্ডিত। ভগবানকে যেমন বলাও সে তেমন বলে। আর পাপ করে যন্ত্রণা পায় এতবড় মিথ্যা কথা তুমি কী বিশ্বাসে বলছ সেও জানি। প্রচলিত বিশ্বাসের উপর তোমার জীবিকা। জগতের বিশ্বাসেরও ভূগোল আছে পণ্ডিত। এক দেশে যাকে পবিত্র বলে মানে আরেক দেশে তাকেই অনাচার বলে মানে। এও তো জানো তুমি। তোমার এক বছরের নাতি, কোনোদিন সুস্থ জীবন পাবে না, কী ভয়ংকর রোগ। তুমি বলবে গত জন্মের পাপ। সে তোমার প্রচলিত বিশ্বাসের উপর আনুগত্য পণ্ডিত। সত্যিটাকে আবরণহীন স্বীকার না করে নিতে পারার ছল। মানো তো?

আহা উঠছ কেন? যাবে? বসবে না? যাও যাও। আমি বসি। আমি জানলার ধারে বসি। আমার আর কোনো মোহ নেই পণ্ডিত - না ইহকালের, না পরকালের, না শাস্ত্রের, না আত্মজ্ঞানের, না পুণ্যের, না পাপের, না সত্যের, না মোহের। কিচ্ছু নেই পণ্ডিত। আমি জানি জীবনে যন্ত্রণার চাইতে বড় সত্য আর কিছু নেই। আমি যন্ত্রণাকে আর ভয় পাই না। হৃদয় থেকে মাথা সব ঘর ভেঙে গেছে দাদা। কত ঘরে কত সুখ পুষেছিলাম। সব আমারই মনের ছায়ার পাখি। ভাবতাম ওরা উড়বে। ওরা আমাকে আলোর দিকে নিয়ে যাবে। আমি সুখী হব। পূর্ণ হব। পাপ আমি করেছি দাদা। যদি পাপ মানে ব্যভিচার হয়, আমি করেছি। আমি আমার স্ত্রীয়ের উপর সৎ থাকিনি। কিন্তু তার জন্য আমার অনুতাপ নেই। আবার গর্বও নেই। আমি খুঁজেছি আমাকে। আমার শরীরের নানা অজানা মোড়কে অন্যের শরীরে নেমে খুঁজেছি। আমার স্ত্রীর দিমাগে অনেক বাধা দাদা। যা চাইতাম, ও বলত তুমি নোংরা। এ কথাটা আমি অন্য নারীকে জিজ্ঞাসা করেছি, ওরা আমাকে নোংরা বলেনি। বলেছে অনেকের এমন ইচ্ছা হয়। আমার স্ত্রী নিজের মনের নাগাল নিজেই নেড়ে দেখত না দাদা। কোনোদিন ও জানলই না ওর স্বাধীন মন কী ইচ্ছা নিয়ে বাঁচতে চেয়েছিল। বাইরে বাইরে নিজেকে কত আচারে ব্যস্ত রাখত। অথচ মনে কত যে হিংসা ছিল দাদা, কী রাগ, কী ক্ষোভ। এগুলো পাপ নয় দাদা? মানুষের সব চাইতে বড় পাপ কী জানেন দাদা, ভোগান্তির ভয়ে নিজের আসল ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে নকল হয়ে বাঁচা। পণ্ডিত বলে আসল ইচ্ছা নিয়ে সবাই বাঁচলে সমাজ ব্যভিচারে ছেয়ে যাবে। আমি বিশ্বাস করি না দাদা। তুমি করো?

দেখো, সন্ধ্যে হল। বৃষ্টি নেমেছে না বাইরে? আমার আজ আর বেরোনো হল না সারাটা দিন। আলোটা নেভানোই থাক। জানো দাদা, অনেক রাতে আমার অতীত জীবনের অনেক ছায়ামূর্তি আমার ঘরে ঘুরে বেড়ায়। আমাকে ভৎর্সনা করে। আমাকে তিরষ্কার করে। আমি চুপ করে শুনি। ওরা চায় আমি অপরাধবোধে ভুগি। আমি আমার ভুলের জন্য কষ্ট পাই দাদা, কিন্তু অপরাধী হয়ে না, অনভিজ্ঞ হয়ে। বিদ্যুৎ চমকালো না দাদা? আমাদের এই মির্জাপুরে বৃষ্টি যখন আসে গজলের মত আসে দাদা। বিন্ধ্যাচলের পাহাড়ের মাথায় বসে অপেক্ষা করেছি বাজ পড়ে যদি মাথায়। বাজ পড়েনি। বাজ পড়ার ভয়টা গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর দেখেছি কী সুন্দর সব ফুল সারা রাস্তা বিখরে পড়ে। কী অপচয় দাদা। কিন্তু ওই অপচয়ের ব্যথাটা অপচয় নয়। একটা বাচ্চা জন্মেই কয়েক বছরের মধ্যে মরে গেল। কী হিসাব মেলাবে দাদা। কিন্তু হিসাব না মেলাতে পারো, বছরের পর বছর কাঁদতে তো পারো। ওই কান্নাটাই তোমার সত্য। ওই অসহায়, উত্তরহীন দুঃখটাই সত্য।

আমার ঘুম আসছে দাদা। আমি ঘুমাই। তুমি যাও। আবার এদিকে এলো এসো। আমি বেঁচে থাকি যদি কথা হবে। আর বেঁচে যদি না থাকি আমার ঘরে এসে দুদণ্ড বোসো চুপ করে। ফুল নিয়ে এসো না। ফুল ছলনাকারীর ছল। তুমি একা বোসো। নিঃশব্দ যন্ত্রণার মধ্যে অভিযোগহীন একজন মানুষের গোনাগুনতি শ্বাসপ্রশ্বাসের কবিতা শুনো। শুনতে শুনতে এটুকু জানিয়ে যেও, জীবনে যন্ত্রণার চাইতে বড় সত্য আর কিছু পেলে কিনা। আমি উদগ্রীব হয়ে শুনব।

↑