sumanasya
9 August 2026
ছাদ অভিমান করে বলল, তুমি আমাকে উপেক্ষা করে, আমারই উপর দাঁড়িয়ে ওই আকাশের দিকে তাকিয়ে থাকো। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তুমি প্রসন্ন হয়ে ওঠো। অথচ দেখো ঘরে গিয়ে, আমিই তোমায় রক্ষা করে আসছি ঝড়, জল, রোদ থেকে।
বললাম, তোমার কথা অক্ষরে অক্ষরে সত্য। তাই তোমার মর্যাদা রাখি। ঝুল লাগলে তোমার গায়ে ঝুলঝাড়া নিয়ে আসি। রঙ মলিন হলে নতুন রঙের আয়োজন করি। কিন্তু ঝুলঝাড়া কিম্বা রঙের আয়োজন নিয়ে ছাদে উঠি না। অমর্যাদা করি না কারোর, তোমারও না, আকাশেরও না।