Skip to main content

 

ফাঁকা রাস্তায় হাঁটি। একার মত। কিন্তু একা হব কী করে? কে হতে পেরেছে? স্মৃতি একা হতে দেয়?

কেউ জিজ্ঞাসা করে গেল, কেমন আছ? উত্তর দিই না। এ জীবন কী? মিথস্ক্রিয়া। ছাই হয়ে যাব বললেই তো হবে না। তোমার সুখ দুঃখ অভিমান কি দাহ্য? তুমি নিজে? এ জীবন মিথস্ক্রিয়া। কে বলবে কেমন আছি? যা দিলাম, সে আহুতি। যা পেলাম, সে তুচ্ছ, সে অমূল্য। যদি চাও তো। আত্মগত অভিমান। অর্থ কী ? আমি দাঁড়িয়ে বহু অস্পষ্ট জিজ্ঞাসার কেন্দ্রে। অস্পষ্ট জিজ্ঞাসার স্পষ্ট উত্তর চাও? তুমি তো মানুষ। এই তো ভবিতব্য।

শীতল শরীর। প্রাণের আবেদনে সাড়া নেই। গন্তব্য ছিল না কিছু। হয় না তো। তাই অনেক অনেক বানানো গন্তব্যের পেছনে ছোটা। কিছু হওয়ার নেই তো। তাই অনেক অলীক হওয়া হতে হতে শীতল দেহকে বলা, হিসাব দাও, কী হলে? তুমি কি অনুপ্রবেশকরী? নাকি আমি? অস্পষ্ট জিজ্ঞাসা বাদুড়ের মত ঝুলে ঝাঁকে ঝাঁকে। ধ্রুবতারার আয়ু খর্ব করতে পারে এমনই স্পর্ধা!

জীবন তো মিথস্ক্রিয়া। সত্য নয়, মিথ্যা নয়, এক রহস্যময় অবগাহন। যে নদীতে ডুব দিয়ে কেউ ওঠেনা কোনোদিন। কোনোকালে।