যে চারচাকা গাড়িটার টাকা এখনও শোধ হয়নি, সেই গাড়িটায় ঠেস দিয়ে তারা ভরা আকাশের দিকে চুয়াল্লিশ বছরের মানুষটা তলপেটের ব্লাডারটা ফাঁকা করছিল। ঠিক তখন কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে একটা অ্যাম্বুলেন্স নীল আলো জ্বালিয়ে জীবন মরণ লড়াইয়ের ইঙ্গিত দেওয়া আওয়াজ করতে করতে বেরিয়ে গেল। মানুষটা দশ কী চোদ্দো বছর আগে হলে বল তো, ভালো হয়ে ফেরো, যেই হও। এখন কিছু বলল না, প্যাণ্টের জিপটা আটকে একটা সিগারেট ধরিয়ে গাড়ি থেকে এগিয়ে দাঁড়ালো। সামনে ব্রীজ। নীচ দিয়ে রেললাইন গেছে। দূরে কাঁচরাপাড়া স্টেশানটা দেখা যাচ্ছে। কী করবে এখন?
দুটো ব্যস্ততার মধ্যে এই ফাঁকা সময়টা এখন আর আরামের না, কনফিউশানের। কনফিউশান নিজেকে নিয়ে। সুখ নিয়ে। জীবন নিয়ে। জীবনকে র্যাশেনালাইজ করতে করতে খুঁড়িয়ে চলা অভ্যাস হয়ে গেছে এখন। ভালোবাসা থেকে ঈশ্বর র্যাশেনালাইজ করতে করতে কী পেল মানুষ? এত খুঁড়ে কী পেল মানুষ? বুদ্ধি কি প্রতিশ্রুতি দিয়েছিল, জগতের সব রহস্য জানিয়ে দেব ভাঁড়ার উপুড় করে? জীবন কি প্রতিশ্রুতি দিয়েছিল মৃত্যুকে এড়িয়ে পেরিয়ে যাবে? মানুষের কি বিকার বাড়ছে দিন দিন?
“দাদা ঝাঁপ দেবেন?”
একটা বেঁটে কালো ল্যাংটো লোক পাশে এসে দাঁড়িয়েছে কখন।
না, ঝাঁপ দেব কেন?
দিন না, একটুও লাগবে না। আমি গত একাদশীতে দিলাম। বউ এখন হাত পা খুলে লাইন মারছে।
মরলেন কেন?
বাঁচব কেন বুঝতে না পেরে। আসুন। একটু পরেই রাণাঘাট আছে। আসবেন? আমার নেশা লেগে গেছে। রোজ ঝাঁপ দিই। যতবার ঝাঁপ দিই ততবার বাঁচার মানে পাই। আবার ঝাঁপ দিই তাই।
পাশের ঝোপ থেকে একটা ছাগল ডেকে উঠল। উলঙ্গ লোক না ভূত, বলল, রাণাঘাট আসছে, দেব ওটাকে লাইনে ফেলে? দেখবেন?
সে, না না বলার আগেই চক্ষের নিমেষে কাজ হয়ে গেল। ছাগলের ডাকটা আর্তনাদের মত হয়েই মিলিয়ে গেল। লোকটা দু হাতে রক্ত নিয়ে নিজের বুকে পেটে মাখতে মাখতে বলল, নিন।
বললাম, না।
আপনি নিরামিষ খান?
না।
তবে? আচ্ছা, ল্যাংটো হয়ে ব্রীজের উপর দাঁড়াবেন? ওটাই এক ধরণের ঝাঁপ। এত কীসের আসক্তি আপনার? আসুন না।
আসক্তি?!!! চড় লাগল গালে। বাড়ি গাড়ি স্ত্রী বাচ্চা সামাজিক পজিশন…. এক কথায় এটা আসক্তি? সুখী কি সে? প্রশ্নটাই অবান্তর। সুখী হওয়ার মত বোকা কি সে?
আচ্ছা আপনি ঝাঁপ নাই দিলেন। আমি যদি আপনাকে ছাগলটার মত….
না না না! চীৎকার করে মাটিতে উবু হয়ে বসে পড়ল দুই হাতে রাস্তার ধারের আগাছা খামচে ধরে। যাব না….যান আপনি….যান…..
তার মনে হল তার গলা দিয়ে ছাগলটার মত আওয়াজ বেরোচ্ছে। ভীষণ ভীষণভাবে মাটিটাকে আঁকড়ে সে। কামড়ে ধরে আছে একটা জংলী ফুলগাছের গোড়া।
হঠাৎ সব শান্ত। সেই উলঙ্গ ব্রীজের উপর দাঁড়িয়ে। তার দিকে তাকিয়ে হাসছে। তার দুই চোখ বেয়ে জল গড়াচ্ছে। বলল, কল্যাণী লোকাল আসছে। যাবি?
হঠাৎ কানের মধ্যে রিন রিন শব্দ শুরু হল। “বাবু যাস না .. তাকাস না….ওঠ…..”
ঘাড় উঁচু করে তাকালো। আকাশ জুড়ে তারা। তারার আঁচল গায়ে কে এসে দাঁড়িয়ে? কী পরিচিত গলা। জন্মের আগে থেকে চেনা গলা। কে? মিশমিশে কালো অন্ধকার মেখে দাঁড়িয়ে। যেন দেখতে পাচ্ছে দুজোড়া চোখ। হাসিতে উজ্জ্বল। কোথায় দেখেছে? হাসপাতালের বেডে শুয়ে থাকা মা….দক্ষিণেশ্বরে….তারাপীঠে….এত চেনা চোখ…..
ট্রেন চলে গেল।
এত অন্ধকারে এত আলো…..মা…. মা…নাকের জল, চোখের জল মিশেছে ঘাসে….কার্তিকের শিশিরভেজা ঘাসে….মুখে মাটির স্বাদ….
Category
- Log in to post comments
- 1 view