Skip to main content

 

 

বিদ্বেষ তো বইয়ের উপর নয়। বিদ্বেষ বাম মতাদর্শ নিয়ে। কারণ, দুজনেই দুটো বিপরীত স্থির সিদ্ধান্তে দাঁড়িয়ে। একজনের রাজনীতির অঙ্গ ধর্মকে “হ্যাঁ” বলে, আরেকজন ধর্মকে “না” বলে। ফলে দ্বন্দ্ব বেধেছে “হ্যাঁ” আর “না” এ। এর মাঝে পড়েছে বেচারা নিরীহ বই আর কিছু অজীবিত লেখকেরা। একদলের ওরা সবাই বই বিদ্বেষী, এ কথা যেমন অত্যুক্তি, এরা তেমনই সবাই বই সর্বস্ব, এও অত্যুক্তি। কদিন আগে কাশী ঘুরে এলাম। সেখানে গোধূলিয়া মোড়ের মত জনবহুল অঞ্চলের একটা বিখ্যাত বইয়ের দোকানে উমর খালিদের বই রাখা। কই কেউ তো কিছু বলছে না?

কিন্তু কথা হল ওদের ভয়টা এত কীসের সেটাই বুঝছি না। বাম জামানায় ৩৪ বছর কথামৃত থেকে গীতা কম বিক্রি হয়েছে কি? দু একজন বেলুড়মঠ ইত্যাদি নিয়ে কয়েকটা কটু কথা বলেছেন, সেটাই কি সব? তারা তো কোনোদিন বলেনি কথামৃত বিক্রি করতে দেব না, বইমেলায় ধর্মীয় স্টল বসতে দেব না ইত্যাদি। শ্রী অরবিন্দ আশ্রম থেকে রামকৃষ্ণ মিশন, নানা বৈষ্ণব সম্প্রদায়ের স্টল থেকে অন্যান্য ধর্মের স্টল বইমেলাতে হু হু করে তাদের বই বিক্রি করেছে । খুব সম্ভবত বাঙালির ধর্ম ও অধ্যাত্মিকতা সম্বন্ধে প্রাণের বই কথামৃতর কপিরাইট বাম জামাতেই শেষ হয়, এবং বহু পাবলিশার্স ছাপতে শুরু করে। কেউ বাধা দেয়নি। শুনেছি অচিন্তকুমার সেনগুপ্তের অখণ্ড পরমপুরুষ যেদিন বেরোয়, সেও বাম জমানাতেই, সেদিন নাকি এত ভিড় হয়েছিল যে পুলিশ দিতে হয়েছিল। মোট কথা বাম আদর্শ পশ্চিমবঙ্গে ধর্মের প্রচারে, প্রসারে কোনোদিন সাধারণ অর্থে বাধা হয়ে তো দাঁড়ায়নি। যে বিমান বসুকে আজ এমন হেনস্থা হতে হল, সেই মানুষটিই স্বামী লোকেশ্বরানন্দজীর স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে মাঝপথে মঞ্চ থেকে নেমে আসেন, এ কথা নিশ্চয়ই ওরা জানে না। শ্রদ্ধা করতে কি এক আদর্শেই বিশ্বাসী হতে হয়? বরং অন্যের বিশ্বাসকে যদি নিজের বিশ্বাসের পক্ষে থ্রেট মনে হয় সেটা নিজের বিশ্বাসেরই দুর্বলতা। এ কি ওরা জানে?

আবারও বলি, সমস্যাটা ওদের বই নিয়ে নয়। বই মাঝপথে ভিক্টিম হয়ে যাচ্ছে। আর ওরা মানেই বই বিদ্বেষী এই ন্যারেটিভটাও অতিসরলীকরণ হয়ে যাচ্ছে। বার্ট্রান্ড রাসেলের why I am not a Communist, আম্বেদকরের মার্ক্সকে বাদ দিয়ে কেন বুদ্ধকে নেওয়া, জে কৃষ্ণমূর্তির কেন থিওক্রেটিক আর কমিউনিস্টকে একই ধাঁচে দেখা, এও তো সব আছে। কমিউনিস্ট মানেই বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী মানেই কমিউনিস্ট, এও তো আরেক জাতের অতিসরলীকরণ।

ভারতে ধর্ম আর পাশ্চাত্যে ধর্মের সংজ্ঞা আলাদা। সত্যজিতের “আগন্তুক” এও এই কথার উল্লেখ আছে না? ভারতের মাটির ধর্মর জন্য কোনোদিন কোনো বাম আদর্শ থ্রেট নয়। সেটা প্রমাণিত। ভারতের ধর্মের মূল সুরটা কোনো বইতে নেই। ভারতের ভক্তি আন্দোলনে ভারতের ধর্মের মূল সুরটা বাঁধা হয়ে গেছে। সেখানে গান আছে, কবিতা আছে, ছন্দ আছে। এ ধর্মে তো ওশোও আছে, আবার শঙ্করাচার্যও আছে। দুইকে নিয়েই আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আমাদের আচার অনুষ্ঠানও আছে, আবার সুরের তন্ময়তাও আছে। ভারতের ধর্মের দরবারে দুজনেই ব্রাত্য হবে যদি অনড় গোঁড়া হয় নিজের অবস্থান নিয়ে। এ লড়াই অর্থহীন লড়াই। মাঝের থেকে বইগুলো বেঘোরে মরছে।

↑